রিপোর্টার্স২৪ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা জানিয়েছেন, বিএনপিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে তিনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে শনিবার তিনি ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণা করেছিলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। রোববার থেকে তিনি ঢাকা-৯ আসনের এক শতাংশ ভোটারের সমর্থনসংবলিত স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন। স্থানীয়দের মধ্যে এটি ব্যাপক সাড়া সৃষ্টি করেছে।
ঢাকা-৯ আসন খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও মান্ডা এলাকা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩০০। স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে তাকে ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। মনোনয়নপত্র জমার শেষ সময় আগামী সোমবার।
ফেসবুকে তিনি লিখেছেন,খিলগাঁওয়েই জন্ম ও বেড়ে উঠেছি। আমার স্বপ্ন রাজনৈতিক দলের মাধ্যমে সংসদে গিয়ে এলাকার মানুষের সেবা করা। তবে বাস্তবিক কারণে আমি কোনো দল বা জোটের প্রার্থী নই। আমি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য লড়াই চালাব।
তাসনিম জারা জানিয়েছেন, দলের প্রার্থী হলে সুবিধা থাকলেও, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার একমাত্র ভরসা স্থানীয় ভোটারদের সমর্থন। তিনি আশা প্রকাশ করেছেন, স্থানীয় মানুষের আস্থা ও সহযোগিতার মাধ্যমে তার এলাকায় সেবার সুযোগ পাবেন।
রিপোর্টার্স২৪/এসসি