ময়মনসিংহ প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রবিবার বিকেল থেকে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড় এলাকায় সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। আন্দোলনকারীরা বিকেল সোয়া চারটার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং গুরুত্বপূর্ণ এই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
ময়মনসিংহে ইনকিলাব মঞ্চের কোনো আনুষ্ঠানিক কমিটি না থাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন ছাত্রসংগঠন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীরা ‘বিচার চাই’, ‘হাদি হত্যার বিচার চাই’ ও ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’ স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মাহদি হাসান বলেন, শহীদ হাদি ভাই আমাদের জুলাই আন্দোলনের প্রকৃত ইমাম। তার বিচারে প্রশাসনের কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা দেখিনি। প্রয়োজনে রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও আমরা তার বিচার আদায় করব। মমিনুর রহমান বলেন, হাদি ভাই শুধু একজন ব্যক্তি নন, তিনি ন্যায়ের প্রতীক। হত্যাকাণ্ডে সব অংশগ্রহণকারীকে আইনের আওতায় আনতে হবে।
ময়মনসিংহ ফোরামের কো-অর্ডিনেটর সাঈদ ইসলাম বলেন, ওসমান হাদির হত্যার বিচারের নিশ্চয়তা আমাদের একমাত্র লক্ষ্য। অভ্যুত্থান-পরবর্তী সময়ে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, কিন্তু হাদির আদর্শকে হত্যা করা যাবে না।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলন ও বিভিন্ন সংগঠনের জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/বাবি