শেরপুর প্রতিনিধি: শেরপুরে সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে রবিবার (২৮ ডিসেম্বর) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
জেলা প্রশাসক বলেন, শিশু-কিশোরীদের শারীরিক, মানসিক ও সৃজনশীল বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, প্রতিভা বিকাশ এবং সুস্থ মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান, উপতত্ত্বাবধায়ক আলমগীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিশুরা বিস্কুট দৌড়, লংজাম্প, হাইজাম্পসহ নানা প্রতিযোগিতায় অংশ নেয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রিপোর্টার্স২৪/বাবি