ইন্টারন্যাশনাল ডেস্ক: মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকায় এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন যাত্রী নিহত হয়েছেন। রেললাইন থেকে একটি যাত্রীবাহী ট্রেন বিচ্যুত হয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৯৮ জন। রোববার (২৮ ডিসেম্বর) রাজ্যের নিজান্দা শহরের কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মেক্সিকোর নৌবাহিনীর দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে ৯ জন ক্রু সদস্যসহ মোট প্রায় ২৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দেশটির সংশ্লিষ্ট এক কর্মকর্তা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, হাসপাতালে ভর্তি ৩৬ জনের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রেল কর্তৃপক্ষ ও রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং হতাহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।
এদিকে মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি অবস্থানের কারণে মেক্সিকোতে দুই উপকূলীয় অঞ্চলের মধ্যে যোগাযোগ বাড়াতে ১৯৯৯ সালে ‘আন্তঃমহাসাগরীয় রেল’ নামের একটি বিশেষ রেল পরিষেবা চালু করা হয়। এই রেলপথের পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে মেক্সিকোর নৌবাহিনী। দুর্ঘটনাকবলিত ট্রেনটিও এই আন্তঃমহাসাগরীয় রেল পরিষেবার অন্তর্ভুক্ত ছিল।
সূত্র: এএফপি
রিপোর্টার্স২৪/ঝুম