| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁ-৫ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির প্রার্থী মনিরা শারমিন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ৬:৩৩:০৪:অপরাহ্ন  |  87448 বার পঠিত
নওগাঁ-৫ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির প্রার্থী মনিরা শারমিন

নওগাঁ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন নওগাঁ-৫ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন। রোববার (২৮ ডিসেম্বর) এই ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে মনিরা শারমিন লিখেছেন, ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষায় গড়া দল জাতীয় নাগরিক পার্টি ছিল গণ-অভ্যুত্থান-পরবর্তী একমাত্র মধ্যপন্থী রাজনীতির ভরসাস্থল। এই দল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ আসনে আমি মনোনীত প্রার্থী হয়েছিলাম। তবে মনোনয়নপত্র পাওয়ার আগে আমার জানা ছিল না যে, এই দল জামায়াতের সঙ্গে ৩০টি আসনে সমঝোতা করবে। আমি জানতাম, ৩০০ আসনে প্রার্থী দিয়ে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’

তিনি আরও উল্লেখ করেন, ‘যেহেতু এখন দলের অবস্থান পরিবর্তন হয়েছে, তাই আমি নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করছি। আমি এনসিপির স্বতন্ত্র শক্তিতে বিশ্বাসী। দলের প্রতি আমার দায়বদ্ধতা আমি ভঙ্গ করিনি; কিন্তু এই মুহূর্তে দলের চেয়ে গণ-অভ্যুত্থান ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা আমার কাছে বড় হয়ে দাঁড়িয়েছে।’

পদত্যাগের বিষয়ে তিনি লিখেছেন, ‘আমি দল থেকে পদত্যাগ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিইনি। এনসিপি কারও একার সম্পত্তি নয়। এটি শীর্ষ নেতৃত্বের যতটুকু, তার চেয়ে অনেক বেশি আমার। আজ পর্যন্ত এমন কিছু বলিনি বা করিনি যাতে দল বিতর্কিত হয়। তবে নিজের নৈতিকতা বিসর্জন দিয়ে আমি রাজনীতি করতে চাই না, ক্ষমতায়ও যেতে চাই না।’

এর আগে গত ১০ ডিসেম্বর নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত তালিকায় নওগাঁ-৫ (সদর) আসনে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে মনোনয়ন দেওয়া হয়।

এ ছাড়া নওগাঁ-১ আসনে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক কৈলাশ চন্দ্র রবিদাস, নওগাঁ-২ আসনে জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ-৩ আসনে পরিমল চন্দ্র উরাও এবং নওগাঁ-৪ আসনে জেলা কমিটির সদস্য আব্দুল হামিদকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। এদিকে নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪