| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শীত ও বৃষ্টিতে বিপর্যস্ত গাজা, পর্যাপ্ত ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল: জাতিসংঘ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ১৬:১৯:০৬:অপরাহ্ন  |  ১০৪১৫৮০ বার পঠিত
শীত ও বৃষ্টিতে বিপর্যস্ত গাজা, পর্যাপ্ত ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল: জাতিসংঘ

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলি সামরিক অভিযানে দীর্ঘ সময় ধরে বিধ্বস্ত গাজা উপত্যকায় তীব্র শীত ও বৈরী আবহাওয়া ফিলিস্তিনি জনগণের দুর্ভোগকে ভয়াবহ মাত্রায় বাড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতেও প্রয়োজনীয় মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ (UNRWA)।

রোববার (২৯ ডিসেম্বর) সংস্থাটির কমিশনার-জেনারেল ফিলিপ লাজ্জারিনি এক বিবৃতিতে বলেন, আরও বৃষ্টি, আরও ঠান্ডা আর তার সঙ্গে বাড়ছে মানুষের কষ্ট, হতাশা ও মৃত্যুর ঝুঁকি। তিনি জানান, গাজার মানুষ এখন ক্ষয়ে যাওয়া তাঁবু, ধ্বংসস্তূপ এবং বিপজ্জনক পরিবেশে কোনোমতে জীবনধারণ করছে।

লাজ্জারিনি আরও বলেন, যদি অবিলম্বে সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হয়, তাহলে ইউএনআরডব্লিউএ খুব অল্প সময়ের মধ্যেই ত্রাণ কার্যক্রম কয়েকগুণ বাড়াতে সক্ষম। তবে বর্তমান অবরোধের কারণে সংস্থাটির সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না।

এদিকে ফিলিস্তিনি সরকার জানিয়েছে, শীতকালীন এই সংকট মোকাবিলায় গাজায় অন্তত ২ লাখ প্রিফেব্রিকেটেড আবাসন ইউনিট জরুরি ভিত্তিতে প্রয়োজন। সরকারের অপারেশন রুম থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে শহরের হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের তাঁবু পানিতে ডুবে গেছে বা সম্পূর্ণ উড়ে গেছে। ফলে পুরো এলাকাজুড়ে মানবিক জরুরি অবস্থা আরও তীব্র আকার ধারণ করেছে।

আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে গাজার ওপর দিয়ে একটি মেরু নিম্নচাপ প্রবাহিত হচ্ছে, যা চলতি শীত মৌসুমের তৃতীয়। এর প্রভাবে ভারী বৃষ্টি ও প্রবল বাতাস বইছে। আগের দুটি নিম্নচাপেও পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছিল।

সাম্প্রতিক মাসগুলোতে গাজার ফিলিস্তিনিরা একদিকে ইসরায়েলি হামলা, অন্যদিকে বৈরী আবহাওয়ার বিরুদ্ধে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। আগের নিম্নচাপের সময় বন্যা ও ধসে পড়া ভবনের ঘটনায় চার শিশুসহ অন্তত ১৭ জন ফিলিস্তিনি নিহত হন। বহু তাঁবু ও আশ্রয়কেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

বিশেষ করে যারা জীর্ণ তাঁবুতে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস করছেন, তাদের জন্য বর্তমান আবহাওয়া মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব ভবন ২০২৩ সালের অক্টোবর থেকে বারবার ইসরায়েলি হামলার শিকার হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ৭১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৭১ হাজার ২০০ জন। অবিরাম হামলায় পুরো গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪