স্টাফ রিপোর্টার: মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ঢাকা-১৫ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্বেও রয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আমরা আমিরের পক্ষ থেকে তার মনোনয়নপত্র জমা দিতে এসেছি। আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।
তিনি আরও বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড দরকার। এ বিষয়ে এখনও আরও কাজ করার আছে। আমরা আশা করছি, নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।
নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তুষ্ট কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনি পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনের আরও উদ্যোগ প্রয়োজন।
তিনশ’ আসনে দলীয় ও শরিকদের প্রার্থী চূড়ান্ত প্রসঙ্গে তিনি জানান, প্রায় সব আসনেই আমরা প্রার্থী নিশ্চিত করতে পেরেছি। আজ রাতের মধ্যেই বিষয়টি জানানো হতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, আসন সমঝোতাকে কোনো জোটবদ্ধ নির্বাচন হিসেবে দেখা যাবে না। তার ভাষায়, ‘এটি অন্য যেকোনো জোটের চেয়েও শক্তিশালী হবে ইনশাল্লাহ। প্রত্যেকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করবে। একেকটি আসনে একটি দল থাকবে, অন্যরা সমর্থন জানাবে।’ এ সময় জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, শিগগিরই আরও একটি রাজনৈতিক দল এই সমঝোতায় যুক্ত হচ্ছে, তবে দলের নাম পরে জানানো হবে।
এদিকে ঢাকা-১৫ আসন থেকে অন্যান্য যে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে রয়েছেন বিএনপির মো. শফিকুল ইসলাম খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলমগীর ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশের এসএম ফজলুল হক, গণফোরামের একেএম শফিকুল ইসলাম এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল।
ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, এই দুই আসনে এখন পর্যন্ত মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সোমবার পর্যন্ত ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। বাছাই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
রিপোর্টার্স২৪/এসসি