খাগড়াছড়ি প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াতে শুরু করেছে। জাতীয় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি রেকর্ড সংখ্যক স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে এ আসনের নির্বাচন বাড়তি গুরুত্ব পাচ্ছে।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি-২৯৮ আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়ন জমাদানের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দশ দল সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। মনোনয়ন দাখিলকালে উভয় প্রার্থীর সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সমীরণ দেওয়ান, সোনা রতন চাকমা, ধর্মজ্যোতি চাকমা, লাব্রিচাই মারমা, সন্তোষিত চাকমা ও জিরুনা ত্রিপুরা।
দলীয় প্রার্থীদের মধ্যে আরও রয়েছেন মো. কাউছার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. নূর ইসলাম (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), মিথিলা রোয়াজা (জাতীয় পার্টি), মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী (বাংলাদেশ খেলাফত মজলিস), মো. মোস্তফা (বাংলাদেশ মুসলিম লীগ), দীনময় রোয়াজা (গণঅধিকার পরিষদ–জিওপি) এবং উশোপ্রু মারমা (বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি–বিএমজেপি)।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রার্থীরা নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করেন। তাঁদের বক্তব্যে বলা হয়, জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে খাগড়াছড়িবাসী তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে।
রিটার্নিং অফিসার কার্যালয় জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি