ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তার দাবি, যুদ্ধ বন্ধে চলমান শান্তি উদ্যোগ ভণ্ডুল করতেই মস্কো এ ধরনের অভিযোগ তুলছে এবং নতুন করে আগ্রাসনের পরিবেশ তৈরি করছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক বিবৃতিতে বলেন, সোমবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় নভগোরোদ প্রদেশে অবস্থিত পুতিনের সরকারি বাসভবন লক্ষ্য করে বিস্ফোরকবাহী ৯১টি দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করে ইউক্রেনীয় বাহিনী। তবে রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা সফল হওয়ার আগেই সব ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয় বলে দাবি করেন তিনি।
টেলিগ্রামে দেওয়া ওই বিবৃতিতে ল্যাভরভ আরও জানান, এই ঘটনার পর ইউক্রেনের সঙ্গে চলমান শান্তি সংলাপের বিষয়ে নিজেদের অবস্থান নতুন করে মূল্যায়ন করবে রাশিয়া। তিনি অভিযোগ করেন, বর্তমানে কিয়েভ একটি অপরাধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে, যারা সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতির অংশে পরিণত করেছে। এ প্রেক্ষাপটে শান্তি আলোচনায় রাশিয়ার আগের অবস্থান পুনর্বিবেচনা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
ল্যাভরভের বক্তব্য প্রকাশের কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি রুশ অভিযোগকে ‘চিরাচরিত মিথ্যাচার’ আখ্যা দিয়ে বলেন, এটি ইউক্রেনের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার জন্য নতুন একটি অজুহাত মাত্র। জেলেনস্কির দাবি, অতীতেও রাশিয়া নিজেদের সরকারি স্থাপনায় এমন ঘটনার নাটক সাজিয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের অপচেষ্টা করে রাশিয়া কোনো লাভবান হবে না। বিশ্ব ইতোমধ্যেই মস্কোর আসল উদ্দেশ্য সম্পর্কে সচেতন। ইউক্রেনে টেকসই ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার পথে রাশিয়া যেন আর কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে ইউক্রেন দৃঢ় অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ২০ দফা সম্বলিত একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব করেন। ওই পরিকল্পনা নিয়ে আলোচনার অংশ হিসেবে সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি।
এই বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই নভগোরোদে পুতিনের সরকারি বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ তোলে মস্কো, যা আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে।
সূত্র : বিবিসি
রিপোর্টার্স২৪/ঝুম