| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজায় সীমান্ত খুলতে ইসরায়েলের প্রতি ১০ দেশের আহ্বান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ০৯:৪৩:০৬:পূর্বাহ্ন  |  ৭৪২৮০৪ বার পঠিত
গাজায় সীমান্ত খুলতে ইসরায়েলের প্রতি ১০ দেশের আহ্বান

ইন্টারন্যাশনাল ডেস্ক: গাজা উপত্যকায় ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে মানবিক সংকট। এই পরিস্থিতিতে অবিলম্বে সীমান্ত ক্রসিং খুলে ত্রাণ ও জরুরি সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যসহ ১০টি দেশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ব্রিটেন, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, জাপান, নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা গাজার বর্তমান পরিস্থিতিকে চরম বিপর্যয়কর বলে অভিহিত করেন।

বিবৃতিতে বলা হয়, শীতকাল শুরু হওয়ায় ভারী বৃষ্টি ও তাপমাত্রা কমে যাওয়ার মধ্যে গাজার সাধারণ মানুষ ভয়াবহ দুর্ভোগে পড়েছে। এখনো প্রায় ১৩ লাখ মানুষের জন্য জরুরি আশ্রয়ের ব্যবস্থা করা সম্ভব হয়নি। একই সঙ্গে অর্ধেকের বেশি স্বাস্থ্যসেবা কেন্দ্র আংশিকভাবে কার্যক্রম চালাচ্ছে এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র ঘাটতি দেখা দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীরা আরও জানান, স্যানিটেশন ব্যবস্থা প্রায় সম্পূর্ণ ভেঙে পড়েছে। এর ফলে প্রায় ৭ লাখ ৪০ হাজার মানুষ দূষিত পানিতে প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি গাজার মোট জনসংখ্যার একটি বড় অংশ—আনুমানিক ১৬ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে দিন কাটাচ্ছে।

এ অবস্থায় উদ্বেগ আরও বাড়িয়েছে ইসরায়েলের সাম্প্রতিক সিদ্ধান্ত। দেশটি গাজা ও অধিকৃত পশ্চিম তীরে কার্যক্রম পরিচালনাকারী ৩৭টি ত্রাণ সংস্থার লাইসেন্স বাতিলের ঘোষণা দিয়েছে। নতুন নিবন্ধন বিধিমালা পূরণ না করার অভিযোগে এসব সংস্থার কার্যক্রম আগামী ১ জানুয়ারি থেকে স্থগিত করা হবে এবং ৬০ দিনের মধ্যে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এই তালিকায় অ্যাকশনএইড, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি ও নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের মতো আন্তর্জাতিক সংস্থাও রয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে পূর্বানুমেয় ও নির্বিঘ্ন পরিবেশে কাজ করার সুযোগ দিতে হবে। ত্রাণ প্রবেশে বাধা অব্যাহত থাকলে স্বাস্থ্যসেবা ও অন্যান্য জরুরি মানবিক সহায়তা মারাত্মকভাবে ব্যাহত হবে বলে সতর্ক করেন তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪