রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় একত্রিত হয়েছেন বিশ্বের অন্তত ৩৩টি দেশের প্রতিনিধি। এই সফরের অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনে সাক্ষাৎকালে কুশল বিনিময় ও হাত মেলাতে দেখা গেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিককে।
বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ফাঁকে এই সৌজন্য বিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধি ও কূটনীতিকরা।
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারত থেকে ঢাকায় আসেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসার কথা থাকলেও শেষ পর্যন্ত পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ঢাকায় আসেন।
এ ছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংয়েলও ঢাকায় এসে খালেদা জিয়াকে বিদায়ী শ্রদ্ধা জানান।
জাতীয় সংসদ ভবনে বিদেশি অতিথিরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। পাশাপাশি তারা অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
এদিকে, বিদেশি অতিথিদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও খালেদা জিয়ার জানাজায় অংশ নেন এবং শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
রিপোর্টার্স২৪/এসসি