ইন্টারন্যাশনাল ডেস্ক: জাপান আবারও ভূমিকম্পের সঙ্গে কেঁপে উঠেছে। স্থানীয় সময় বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টা ২৬ মিনিটে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের পূর্বাঞ্চলীয় শহর নোডার উপকূলে, এবং এর কেন্দ্রভূমি ছিল ভূপৃষ্ঠের ১৯.৩ কিলোমিটার গভীরে।
যদিও উৎপত্তি সমুদ্র উপকূলে হলেও, জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে কোনো সুনামির আশঙ্কা নেই। এছাড়া ভূমিকম্পের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
গত নভেম্বর-ডিসেম্বরে জাপানে মোট চারটি ভূমিকম্প হয়েছে। ৩০ নভেম্বর দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কিউশু’র তোকারা দ্বীপে পর পর দু’টি ভূমিকম্প হয়েছিল, যথাক্রমে ৫.৬ এবং ৪.৮ মাত্রার। এরপর ৮ ডিসেম্বর উত্তরাঞ্চলীয় প্রদেশ হনশুতে আঘাত হানে ৭.৫ মাত্রার একটি বড় ভূমিকম্প। এতে ৩০ জন আহত হন এবং জাপানের আবহাওয়া দপ্তর সুনামি সতর্কতা জারি করে উপকূলীয় অঞ্চল থেকে ৯০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছিল।
ভৌগলিকভাবে জাপান প্রশান্ত মহাসাগর অঞ্চলের ‘আগ্নেয় মেখলা’(রিং অব ফায়ার)-এর ওপর অবস্থান করছে, তাই এটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম। প্রতি পাঁচ মিনিটে জাপানে কমপক্ষে একবার ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএস-এর হিসাব অনুযায়ী, প্রতি বছর বিশ্বে যত ভূমিকম্প ঘটে, তার ২০ শতাংশই জাপানে হয়।
তথ্যসূত্র: এনডিটিভি
রিপোর্টার্স২৪/ঝুম