| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুরআনে শপথ নিলেন জোহরান মামদানি, ইতিহাস গড়লেন নিউইয়র্কে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০১, ২০২৬ ইং | ৬:২৮:৫৯:অপরাহ্ন  |  79840 বার পঠিত
কুরআনে শপথ নিলেন জোহরান মামদানি, ইতিহাস গড়লেন নিউইয়র্কে

ইন্টারন্যাশনাল ডেস্ক: নিউইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে জোহরান মামদানি ইতিহাস গড়েছেন। শপথ গ্রহণের সময় তিনি কুরআনে হাত রেখে শপথ নিয়েছেন, যা নিউইয়র্কের মেয়রের ইতিহাসে এর আগে কখনো হয়নি।

আজ তিনি দুটি কুরআনে হাত রেখেছেন, একটি তার দাদার ব্যক্তিগত কুরআন এবং অন্যটি একটি পকেট-আকারের প্রাচীন কুরআন, যা নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির শোমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচার-এর সংগ্রহের অংশ। বিশেষজ্ঞদের মতে, এই কুরআনটি ১৮শ শতকের শেষভাগ বা ১৯শ শতকের শুরুর দিকে অটোমান আমলে তৈরি হয়েছিল, বর্তমান সিরিয়া, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিনি ভূখণ্ড বা জর্ডানের কোনো অঞ্চলে।

শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সিটি হলের নিচে দীর্ঘদিন বন্ধ থাকা একটি সাবওয়ে স্টেশনে। শপথ পাঠের সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রামা দুওয়াজি। সাধারণত নিউইয়র্কের মেয়ররা বাইবেলে হাত রেখে শপথ নেন। আইন অনুযায়ী কোনো ধর্মীয় গ্রন্থ ব্যবহারের বাধ্যবাধকতা না থাকলেও, মামদানির এই সিদ্ধান্ত শহরের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে।

৩৪ বছর বয়সী ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি শুধুমাত্র প্রথম মুসলিম নয়, তিনি নিউইয়র্ক সিটির প্রথম দক্ষিণ এশীয় এবং প্রথম আফ্রিকায় জন্মগ্রহণকারী মেয়রও। নির্বাচনী প্রচারণায় তিনি জীবনযাত্রার ব্যয়, বাসস্থান সংকট এবং সাধারণ মানুষের আর্থিক চাপকে গুরুত্ব দিয়েছিলেন। পাশাপাশি নিজের মুসলিম পরিচয় স্পষ্ট ও আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরেছেন। নিয়মিত প্রচারণার মাধ্যমে তিনি দক্ষিণ এশীয় ও মুসলিম ভোটারদের মধ্যে শক্ত সমর্থন গড়ে তুলেন।

কুরআনে শপথ নেওয়ার সিদ্ধান্ত কিছু রক্ষণশীল মহল সমালোচনা করলেও, সমর্থকরা এটিকে নিউইয়র্ক সিটির বহুসাংস্কৃতিক ও বহুধর্মীয় পরিচয়ের প্রতিফলন হিসেবে দেখছেন। শপথ গ্রহণের পর প্রাচীন কুরআনটি জনসাধারণের জন্য নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে প্রদর্শনের জন্য রাখা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪