রিপোর্টার্স২৪ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের শোক বইতে সই করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে রাজনাথ সিং দিল্লির বাংলাদেশ হাইকমিশনে যান। সেখানে তিনি বেগম খালেদা জিয়ার জন্য রাখা শোক বইতে সই করেন এবং প্রয়াত এই সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শোক বইতে রাজনাথ সিং লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন বেগম খালেদা জিয়া।
তিনি আরও লেখেন, ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে খালেদা জিয়ার যে ভূমিকা ছিল, তা সব সময় স্মরণ করা হবে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর সকালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। পরদিন বুধবার (৩১ ডিসেম্বর) জানাজা শেষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তাকে সমাহিত করা হয়।
রিপোর্টার্স২৪/এসসি