| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০২৫ সালে বিশ্বে ১২৮ সাংবাদিক নিহত: আইএফজে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ১৩:০৬:৫৯:অপরাহ্ন  |  ৮৫২৯৬৯ বার পঠিত
২০২৫ সালে বিশ্বে ১২৮ সাংবাদিক নিহত: আইএফজে
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০২৫ সালে বিশ্বজুড়ে অন্তত ১২৮ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১২৫ জন হত্যাকাণ্ডের শিকার এবং ৯ জন দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানিয়েছে বেলজিয়ামভিত্তিক ইন্টারন্যাশনাল জার্নালিস্ট ফেডারেশন (আইএফজে)। নিহতদের বড় অংশই পশ্চিম এশিয়ায়, বিশেষ করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় ৫৬ সাংবাদিকের মৃত্যু হয়েছে।

আইএফজের তথ্যমতে, সাংবাদিক হত্যার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে পশ্চিম এশিয়ায়। এর মধ্যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় অন্তত ৫৬ সাংবাদিক নিহত হয়েছেন, যা মোট নিহত সাংবাদিকের প্রায় ৪৪ শতাংশ।

আঞ্চলিক হিসাবে দেখা গেছে, ২০২৫ সালে আফ্রিকায় ১৮ জন, এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৫ জন, আমেরিকায় ১১ জন এবং ইউরোপে ১০ জন সাংবাদিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন নারী সাংবাদিক রয়েছেন।

আইএফজে জানিয়েছে, ভারতে চারজন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে গত বছরের ১ জানুয়ারি ইউটিউব চ্যানেল ‘বাস্টার জাংশন’-এর সম্পাদক সাংবাদিক মুকেশ চন্দ্রকর হত্যাকাণ্ডের শিকার হন। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় একটি সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে প্রতিবেদন করায় তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে ফেডারেশন।

এদিকে সাংবাদিকদের ওপর দমনপীড়ন প্রসঙ্গে আইএফজে জানায়, ২০২৫ সালে বিশ্বজুড়ে ৫৩৩ জন সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কারাবন্দি সাংবাদিকের সংখ্যা সবচেয়ে বেশি—২৭৭ জন। দেশভিত্তিক হিসাবে চীনে ১৪৩ জন এবং মিয়ানমারে ৪৯ জন সাংবাদিক কারাবন্দি রয়েছেন।

এর আগে ২০২৪ সালে ১২২ জন সাংবাদিক নিহত এবং ৫১৬ জনকে কারাদণ্ড দেওয়ার তথ্য প্রকাশ করেছিল আইএফজে।

সংগঠনটি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের ‘ক্রমাগত ব্যর্থতা’র তীব্র নিন্দা জানিয়েছে এবং সহিংসতা বন্ধে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

আইএফজের সাধারণ সম্পাদক অ্যান্থনি বেলাঙ্গার বলেন, এক বছরে ১২৮ সাংবাদিক নিহত হওয়ার ঘটনা কেবল একটি পরিসংখ্যান নয়, এটি একটি বৈশ্বিক সংকট।

গাজায় সবচেয়ে বেশি ঝুঁকিতে সাংবাদিকরা

আইএফজে জানায়, ২০২৫ সালে সাংবাদিকতার জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান ছিল ফিলিস্তিন, বিশেষ করে গাজা উপত্যকা। সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চলকেই তারা মিডিয়া পেশাজীবীদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেছে। গত বছর এই অঞ্চলে মোট ৭৪ জন সাংবাদিক নিহত হয়েছেন, যার মধ্যে গাজায় নিহত হয়েছেন ৫৬ জন। আলজাজিরার সাংবাদিক আনাস আল-শরিফের হত্যাকাণ্ডকে সবচেয়ে ভয়াবহ ঘটনার একটি হিসেবে উল্লেখ করেছে ফেডারেশন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪