আন্তর্জাতিক ডেস্ক: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন এবং সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় গণবিক্ষোভের প্রেক্ষাপটে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দিয়েছে দেশটির সরকার। সাবেক অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মাতিকে নতুন গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মন্ত্রিসভা আবদোলনাসের হেম্মাতিকে ইসলামিক রিপাবলিক অব ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি দায়িত্ব নিচ্ছেন মোহাম্মদ রেজা ফারজিনের স্থলাভিষিক্ত হয়ে। রিয়ালের রেকর্ড দরপতনের জেরে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হওয়ার পরদিন সোমবার পদত্যাগ করেন ফারজিন। গত তিন বছরের মধ্যে এটি ইরানের সবচেয়ে বড় অর্থনৈতিক প্রতিবাদ আন্দোলন বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, প্রায় ৪০ শতাংশ মূল্যস্ফীতি সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছে। বুধবার ডলারের বিপরীতে ইরানি রিয়ালের দর দাঁড়ায় প্রায় ১৩ লাখ ৮০ হাজার রিয়াল, যেখানে ২০২২ সালে ফারজিন দায়িত্ব নেওয়ার সময় এই দর ছিল প্রায় ৪ লাখ ৩০ হাজার রিয়াল।
রোববার তেহরানসহ বিভিন্ন শহরে বহু ব্যবসায়ী ও দোকানদার দোকান বন্ধ রেখে রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নেন।
সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, নতুন গভর্নর হিসেবে হেম্মাতির অগ্রাধিকার হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মুদ্রার মান শক্তিশালী করা এবং ব্যাংক খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করা।
৬৮ বছর বয়সী হেম্মাতি এর আগে পেজেশকিয়ানের সরকারের অর্থ ও আর্থিক বিষয়ক মন্ত্রী ছিলেন। তবে চলতি বছরের মার্চে পার্লামেন্ট তার বিরুদ্ধে ব্যাংক খাতে অব্যবস্থাপনা ও রিয়ালের অবমূল্যায়নে ভূমিকার অভিযোগ এনে তাকে মন্ত্রিত্ব থেকে অপসারণ করে।
দ্রুত মুদ্রার অবমূল্যায়ন ও উচ্চ মূল্যস্ফীতির কারণে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে, যা পশ্চিমা নিষেধাজ্ঞায় আগে থেকেই চাপের মুখে থাকা ইরানি জনগণের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে।
এদিকে সাম্প্রতিক সময়ে জ্বালানির দামে পরিবর্তন আনার ফলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইরানের প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ সতর্ক করে বলেছেন, অর্থনৈতিক দাবিকে কেন্দ্র করে বিক্ষোভকে সহিংসতা বা নিরাপত্তা সংকটে রূপ দেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
২০১৫ সালের পরমাণু চুক্তির সময় ডলারের বিপরীতে রিয়ালের দর ছিল মাত্র ৩২ হাজার। তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর থেকে ইরানের অর্থনীতি ও মুদ্রা ধারাবাহিকভাবে দুর্বল হয়ে পড়ে।
বুধবার ইরানের দক্ষিণাঞ্চলে বিক্ষোভ চলাকালে একজন নিহত হওয়ার গুজব অস্বীকার করেছে স্থানীয় বিচার বিভাগ। তবে সহিংসতার ঘটনায় চার বিক্ষোভকারী গ্রেপ্তার এবং তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিএনএন/রিপোর্টার্স২৪/এসসি