আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার জনগণের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর ঘোষণা দিয়েছে ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট প্রতিষ্ঠান স্টারলিংক। মার্কিন সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কয়েক দিনের মধ্যেই এই ঘোষণা এলো।
স্টারলিংক এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার নাগরিকরা বিনামূল্যে স্টারলিংকের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন। এই সময়ের মধ্যে দেশটির জনগণ নির্বিঘ্ন ও দ্রুতগতির স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ পাবেন। খবর বিবিসির।
এমন এক সময়ে স্টারলিংকের এই ঘোষণা এলো, যখন লাতিন আমেরিকার দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও রাজনৈতিক পটপরিবর্তন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।
এর আগে, ৩ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক দুঃসাহসিক অভিযানে মার্কিন বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের একটি আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা মাদক ও অস্ত্র পাচারসংক্রান্ত অভিযোগের বিচার শুরু হওয়ার কথা রয়েছে।
ফ্লোরিডার পাম বিচে নিজের মার-এ-লাগো বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে এনে বিচারের মুখোমুখি করা হবে। তিনি দাবি করেন, মাদুরোর বিরুদ্ধে আদালতে উপস্থাপনের জন্য পর্যাপ্ত ও জোরালো প্রমাণ রয়েছে।
ট্রাম্প আরও বলেন, মাদুরোর অপরাধ একদিকে ভয়াবহ, অন্যদিকে হতবাক করে দেওয়ার মতো।
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অস্থিরতা ও তথ্যপ্রবাহের ওপর নিয়ন্ত্রণের অভিযোগের প্রেক্ষাপটে স্টারলিংকের বিনামূল্যে ইন্টারনেট সেবা ভেনেজুয়েলার পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
রিপোর্টার্স২৪/এসসি