আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এক বিশেষ সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে যুক্তরাষ্ট্রের বাহিনী। অথচ এই ঘটনার কয়েক মাস আগেই প্রকাশ্যে ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মাদুরো বলেছিলেন, চাইলে মার্কিন প্রেসিডেন্ট কারাকাসের প্রেসিডেনশিয়াল প্যালেস থেকেই তাঁকে ধরে নিয়ে যেতে পারেন।
গত আগস্টে মাদুরোকে গ্রেপ্তারে সহায়তার জন্য পুরস্কারের অঙ্ক বাড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় এক উত্তপ্ত ভাষণে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলেছিলেন, এসো, আমাকে ধরে নিয়ে যাও। আমি এখানেই মিরাফ্লোরেসে তার জন্য অপেক্ষা করব। দেরি করো না, কাপুরুষ।
রোববার (৪ জানুয়ারি) হোয়াইট হাউস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে সেই বক্তব্যকে বিদ্রূপের সুরে তুলে ধরে। ভিডিওটিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে মাদুরোর কটাক্ষমূলক মন্তব্য, ভেনেজুয়েলায় চালানো বিশেষ অভিযানের দৃশ্য এবং মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করার মুহূর্ত একত্রে দেখানো হয়।
৬১ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে ভেনেজুয়েলায় সামরিক হামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এক প্রেস ব্রিফিংয়ের অংশও অন্তর্ভুক্ত ছিল। সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে বলতে শোনা যায়, মাদুরো একসময় একটি সুযোগ পেয়েছিলেন, কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, মাদুরো পরিণতি না ভেবেই চরম ঝুঁকি নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তার ফল ভোগ করতে হয়েছে।
ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।
গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী আকস্মিক অভিযান চালায়। ওই সময় মাদুরো ও তাঁর স্ত্রী কারাকাসের কঠোর নিরাপত্তায় ঘেরা ফোর্ট তিউনা সামরিক কমপ্লেক্সে নিজেদের বাসভবনে অবস্থান করছিলেন। প্রেসিডেন্টকে আটক করতে অভিযানে অংশ নেওয়া বাহিনীর প্রায় ৩০ মিনিট সময় লাগে বলে জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, অতীতে দেওয়া প্রকাশ্য চ্যালেঞ্জের ভিডিও নতুন করে প্রচার করে হোয়াইট হাউস মূলত এই বার্তা দিতে চেয়েছে যে, যুক্তরাষ্ট্র তার হুমকি বাস্তবায়নে দ্বিধা করে না। একই সঙ্গে এটি ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতি ও লাতিন আমেরিকার ভূরাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। সূত্র: এনডিটিভি
রিপোর্টার্স২৪/এসসি