ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানে টানা ৯ দিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ দেশজুড়ে তীব্র সহিংসতায় পরিণত হয়েছে। মানবাধিকার কর্মীদের তথ্যমতে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৯ জন বিক্ষোভকারী, ৪ জন শিশু এবং ২ জন নিরাপত্তা সদস্য রয়েছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) মঙ্গলবার (৬ জানুয়ারি) জানিয়েছে, বিক্ষোভ দমনে সরকারের কঠোর পদক্ষেপে এখন পর্যন্ত ১,২০০-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। আহতের সংখ্যা কমপক্ষে ৬৪ জন, যাদের বেশিরভাগের শরীরে পেলেট গান ও প্লাস্টিক বুলেটের আঘাত দেখা গেছে।
ফার্স নিউজের খবরে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২৫০ জন পুলিশ ও স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের ৪৫ জন সদস্য আহত হয়েছেন। বিক্ষোভ এখনও দেশটির অন্তত ৮৮টি শহরে ২৫৭টির বেশি স্থানে অব্যাহত।
ইরান ইন্টারন্যাশনালের তথ্যমতে, নিহতদের মধ্যে ২১ জন স্বাধীনভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। শিক্ষার্থীরা তেহরান, ইস্পাহান, কাজভিন ও অন্যান্য শহরে সক্রিয়ভাবে বিক্ষোভে অংশ নিচ্ছে। তবে ইন্টারনেট সংযোগে বাধা এবং কঠোর নিরাপত্তা বিধিনিষেধের কারণে প্রকৃত হতাহত ও গ্রেপ্তারের সংখ্যা সঠিকভাবে জানা সম্ভব হচ্ছে না।
বিক্ষোভকারীরা নগরীর দেয়ালে লিখছে, মোল্লাদের অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত তারা দেশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় অটল থাকবেন। স্বাধীন মানবাধিকার সংস্থাগুলো মনে করছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।
সূত্র: ফার্স নিউজ
রিপোর্টার্স২৪/ঝুম