| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের কী আলোচনা হলো?

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৬, ২০২৬ ইং | ২৩:১১:৬:অপরাহ্ন  |  67323 বার পঠিত
তারেক রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের কী আলোচনা হলো?
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকালীন পরিবেশ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করে।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, বিএনপি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, “বিএনপি আশা করে, জনগণ তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও ইচ্ছা অবাধ ও নির্ভয়ে ভোটের মাধ্যমে প্রকাশ করার সুযোগ পাবে।”

নির্বাচনের সার্বিক পরিবেশ সম্পর্কে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, “আলহামদুলিল্লাহ, বর্তমান নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে।”

তিনি আরও জানান, এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে, যারা সারা দেশে নির্বাচন পর্যবেক্ষণ করবে। বিগত কয়েকটি নির্বাচনে ইইউ পর্যবেক্ষক না পাঠালেও এবার তাদের অংশগ্রহণ নির্বাচনের গ্রহণযোগ্যতা ও আন্তর্জাতিক গুরুত্ব বাড়াবে বলে বিএনপি মনে করে।

ইইউ প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি শুরু থেকেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তিনি উল্লেখ করেন, বিদেশ থেকে ফিরে তারেক রহমান প্রথম জনসভাতেই ‘শান্তি ও সমঝোতা’ শব্দ দুটির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন।

তিনি বলেন, “বাংলাদেশের উন্নয়নে অবদানের জন্য ইইউ প্রতিনিধিদের ধন্যবাদ জানানো হয়েছে। তারা আগামী দিনগুলোতে আরও বেশি সহযোগিতা নিয়ে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।”

বৈঠকে শ্রমিকদের কল্যাণে বিএনপির ভূমিকার বিষয়টিও বিশেষভাবে তুলে ধরা হয়। ইইউ প্রতিনিধিদের জানানো হয়, বেগম খালেদা জিয়ার শাসনামলেই শ্রম আইন সংশোধন এবং লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন গঠন করা হয়েছিল। ভবিষ্যতেও শ্রম আইন আধুনিকায়ন এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, বিষয়টি সময় ও নির্বাচনী ব্যস্ততার ওপর নির্ভর করছে। তবে আন্তর্জাতিক বন্ধুদের সঙ্গে সংলাপে বিএনপি সবসময়ই আগ্রহী।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, আন্তর্জাতিক সম্প্রদায় তা পূর্ণ সমর্থন দেবে।

বৈঠকে তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪