| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিবিআইয়ের জেরার মুখে থালাপতি বিজয়

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ১৭:১৫:২৬:অপরাহ্ন  |  ৮২৪৫৬৫ বার পঠিত
সিবিআইয়ের জেরার মুখে থালাপতি বিজয়
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয় সময়টা ভালো যাচ্ছে না। সম্প্রতি তার রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)-এর এক সমাবেশে ভয়াবহ পদপিষ্টের ঘটনার পর এবার কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে যাচ্ছেন এই তারকা।

সোমবার (১২ জানুয়ারি) সিবিআই কার্যালয়ে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে থালাপতি বিজয়কে। রাজনৈতিক অঙ্গনে পথচলার শুরুতেই এমন আইনি জটিলতা তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সিবিআই সূত্রে জানা গেছে, ওই দিনের রাজনৈতিক সমাবেশে নিরাপত্তা ব্যবস্থাপনায় কী কী ঘাটতি ছিল এবং আয়োজক হিসেবে বিজয়ের দলের দায় কতটুকু তা খতিয়ে দেখতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। হাজিরার দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে এই অভিনেতা-রাজনীতিককে।

গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে অনুষ্ঠিত হয় থালাপতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকে-এর প্রথম বড় সমাবেশ। প্রিয় অভিনেতাকে এক নজর দেখতে সেখানে বিপুলসংখ্যক মানুষের ঢল নামে। তবে অতিরিক্ত ভিড় সামলাতে না পেরে পুলিশ ও আয়োজকদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়।

একপর্যায়ে ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ অন্তত ৪১ জন নিহত হন এবং শতাধিক মানুষ গুরুতর আহত হন। ঘটনাটি গোটা ভারতজুড়ে ব্যাপক আলোড়ন তোলে।

সমাবেশের নিরাপত্তা ঘাটতি ও অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠার পর গত অক্টোবরেই নড়েচড়ে বসে ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতি জে কে মহেশ্বরী ও এনভি আঞ্জারিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেন।

একই সঙ্গে তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ রাখতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অজয় রাস্তোগির নেতৃত্বে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে দুজন অভিজ্ঞ আইপিএস কর্মকর্তাও রয়েছেন।

রাজনৈতিক জীবনের শুরুতেই এমন একটি ভয়াবহ ঘটনার দায় ও তদন্তের মুখে পড়া থালাপতি বিজয়ের ভবিষ্যৎ রাজনৈতিক যাত্রাকে কোন দিকে নিয়ে যাবে—তা নিয়ে এখন তামিলনাডুর রাজনীতিতে চলছে তীব্র আলোচনা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪