স্পোর্টস ডেস্ক: সৌদি আরবে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ইতিহাস গড়া জয়ে ফাইনালে পৌঁছে গেছে বার্সেলোনা। বুধবার রাতে আর্নেস্তো ভালভার্দের অ্যাথলেটিক বিলবাওকে ৫–০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে কাতালানরা।
এই জয়ের মাধ্যমে শিরোপা ধরে রাখার লড়াইয়ে শক্ত বার্তা দিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচে বার্সেলোনার হয়ে গোলের দেখা পান ফেরান তোরেস, ফেরমিন লোপেজ ও রুনি বার্ডঘজি। জোড়া গোল করে ম্যাচের নায়ক হন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা।
পরিসংখ্যানের পাতায়ও ম্যাচটি জায়গা করে নিয়েছে। অপ্টার তথ্য অনুযায়ী, স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে এক ম্যাচে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যবধানের জয়। পাশাপাশি ২০১০–১১ মৌসুমের পর এই প্রথম কোনো সুপার কাপ ম্যাচে তিনজন ভিন্ন খেলোয়াড় প্রত্যেকে তিনটি করে গোল-অবদানে অংশ নিলেন।
ফেরমিন লোপেজ একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন। রাফিনহা দুই গোল ও একটি অ্যাসিস্টে বড় ভূমিকা রাখেন। আর রুনি বার্ডঘজিও একটি গোলের সঙ্গে দুটি অ্যাসিস্ট করে দলের আক্রমণভাগকে উজ্জ্বল করে তোলেন।
এই জয়ের ফলে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট নিশ্চিত করেছে বার্সেলোনা। রোববার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ অথবা অ্যাতলেতিকো মাদ্রিদ। ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হওয়ার সুযোগ পেতে আজ রাতে সেমিফাইনালে মাঠে নামবে মাদ্রিদের দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
রিপোর্টার্স২৪/ঝুম