| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে সড়ক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৩:৩১:৪৮:অপরাহ্ন  |  33286 বার পঠিত
খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে সড়ক
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: বাংলাদেশের সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রমক শহরের একটি গুরুত্বপূর্ণ সড়কের অংশ এখন থেকে তাঁর নামেই পরিচিত হবে।

হ্যামট্রমক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কার্পেন্টার স্ট্রিট-এর একটি অংশ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে ‘বেগম খালেদা জিয়া স্ট্রিট’ হিসেবে নামকরণ করা হয়। শহরের জোসেফ ক্যাম্পাও অ্যাভিনিউ ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রীর নামে চিহ্নিত করা হয়েছে।

বাংলাদেশের কোনো নেতার নামে যুক্তরাষ্ট্রে রাস্তার নামকরণ এই প্রথম নয়। এর আগে শিকাগো শহরে বাংলাদেশের নিহত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো তাঁর সহধর্মিণী খালেদা জিয়ার নাম।

উল্লেখ্য, মিশিগানের হ্যামট্রমক শহর যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর হিসেবে পরিচিত। শহরটির বাসিন্দাদের একটি বড় অংশ প্রবাসী বাংলাদেশি অথবা বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক। বর্তমানে হ্যামট্রমক সিটি কাউন্সিলের চারজন সদস্যই বাংলাদেশি বংশোদ্ভূত।

এই কাউন্সিলরদের প্রস্তাবেই কার্পেন্টার স্ট্রিটের একটি অংশের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি অনুমোদন করে।

হ্যামট্রমকের প্রবাসী বাংলাদেশি সংগঠনগুলোর পক্ষ থেকে এক বিবৃতিতে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়,এই পদক্ষেপ বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি এক অনন্য স্বীকৃতি।

প্রবাসী কমিউনিটির নেতারা জানান, খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই নামকরণ গুরুত্বপূর্ণ বলে তারা মনে করেন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মতো দেশে কোনো বিদেশি নেতার নামে রাস্তার নামকরণ কেবল প্রতীকী সম্মান নয়, বরং প্রবাসী কমিউনিটির রাজনৈতিক ও সামাজিক প্রভাবেরও প্রতিফলন। জিয়াউর রহমানের পর খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ বাংলাদেশের রাজনীতিতে তাঁদের পরিবারের ঐতিহাসিক অবস্থানকেই আবারও সামনে এনে দিল।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪