ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনই শিশু বলে জানিয়েছে নরওয়েভিভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন’। শুক্রবার (৯ জানুয়ারি) সংস্থাটি এই তথ্য প্রকাশ করে। খবরটি জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ দিন ধরে চলমান এই বিক্ষোভে নিহতদের সংখ্যা যাচাই করে নিশ্চিত করা হয়েছে। এসব মৃত্যুর ঘটনা সরাসরি সংস্থার অনুসন্ধান অথবা অন্তত দুটি স্বাধীন সূত্রের মাধ্যমে যাচাই করা হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজার এলাকায় প্রথমে অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই এই আন্দোলন রাজধানী ছাড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিক্ষোভের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনে সরকারবিরোধী স্লোগানও জোরালোভাবে উঠে আসে।
ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের যাচাইকৃত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ১১টি প্রদেশে বিক্ষোভকারীদের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে, যাদের অনেকের অবস্থা গুরুতর।
নিহতদের মধ্যে ১৮ বছরের কম বয়সী অন্তত নয়জন কিশোর-কিশোরী রয়েছে বলে সংস্থাটি নিশ্চিত করেছে। তবে শিশু নিহতদের সঠিক বয়সসংক্রান্ত সব নথিপত্র সংগ্রহ ও যাচাইয়ের কাজ এখনো চলমান রয়েছে।
সংস্থাটি আরও জানায়, তেহরান, মাশহাদ, কারাজের ফারদিস এবং হামেদান শহরে অতিরিক্ত মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে এসব ঘটনার পূর্ণাঙ্গ যাচাই এখনো শেষ না হওয়ায় সেগুলো আনুষ্ঠানিক নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
মানবাধিকার সংগঠনটি বলছে, যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম