ইন্টারন্যাশনাল ডেস্ক: ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনের’ মোকাবিলা তার দেশ কেবল কূটনীতির মাধ্যমে করবে। একই সঙ্গে তার সরকার ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনার কথাও জানিয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, রদ্রিগেজ গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহরণের ঘটনাকে গুরুতর, অপরাধমূলক ও অবৈধ হামলা হিসেবে উল্লেখ করেছেন।
তিনি জানান, ব্রাজিল, কলোম্বিয়া ও স্পেনের নেতাদের সঙ্গে একটি অনলাইন বৈঠকে এই ঘটনায় আলোচনা করেছেন। রদ্রিগেজ বলেন, ভেনেজুয়েলা এই আগ্রাসনের মোকাবিলা কেবল কূটনৈতিক পথে করবে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কে গ্রেফতার করেছে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে তাদের বিচারাধীন অবস্থায় বন্দি রাখা হয়েছে।
মাদুরো বন্দি হওয়ার পর ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ও তেলমন্ত্রী ডেলসি রদ্রিগেজ, যিনি ৫ জানুয়ারি কারাকাসে ন্যাশনাল অ্যাসেম্বলিতে শপথ গ্রহণ করেন।
রিপোর্টার্স২৪/ঝুম