| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একদিন আগেই ট্রেনের ওপর ক্রেন ভেঙে ৩২ জনের মৃত্যু

থাইল্যান্ডে আবারও ক্রেন দুর্ঘটনা,নিহত ২

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৩:৪৬:৪৩:অপরাহ্ন  |  ৭৬৩২৫২ বার পঠিত
থাইল্যান্ডে আবারও ক্রেন দুর্ঘটনা,নিহত ২
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন ভেঙে পড়ে আবারও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দেশটির রাজধানী ব্যাংককের কাছের সামুত সাখোন প্রদেশে একটি উড়াল সড়ক নির্মাণ প্রকল্পে ব্যবহৃত ক্রেন ভেঙে পড়ে নিচে চলাচলরত দুটি গাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অন্তত দুইজন নিহত হয়েছেন।

দেশটির পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পুলিশ সুপার কর্নেল সিত্থিপর্ন কাসির জানান, নির্মাণাধীন উড়াল সড়কের ওপর স্থাপিত একটি বড় ক্রেন হঠাৎ করে ভারসাম্য হারিয়ে ভেঙে পড়ে। ক্রেনটির ধ্বংসাবশেষ নিচের সড়কে চলাচলরত দুটি গাড়ির ওপর আছড়ে পড়ে। এতে গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় থানার এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, দুর্ঘটনার সময় সড়কটিতে স্বাভাবিক যান চলাচল ছিল। ক্রেন ভেঙে পড়ার কারণে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর মাত্র একদিন আগেই থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ আরেকটি ক্রেন দুর্ঘটনা ঘটে। বুধবার নাখোন রাতচাসিমা প্রদেশে একটি উড়াল দ্রুতগতির রেল প্রকল্পে ব্যবহৃত ক্রেন ভেঙে পড়ে চলন্ত একটি যাত্রীবাহী ট্রেনের ওপর। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়।

কর্তৃপক্ষ জানায়, ওই দুর্ঘটনায় ৩২ জন নিহত হন। ট্রেনে থাকা ১৯৫ জন যাত্রীর মধ্যে ৬৬ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

থাইল্যান্ডে নির্মাণকাজে জড়িত একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনা দেশজুড়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে বড় অবকাঠামো প্রকল্পে নিরাপত্তা ব্যবস্থা ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সামুত সাখোন ও নাখোন রাতচাসিমা—উভয় ঘটনারই আলাদা তদন্ত শুরু করা হয়েছে। ক্রেন ব্যবহারে অবহেলা, কারিগরি ত্রুটি বা নিরাপত্তাজনিত গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র : রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪