| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রংপুরে জাতীয় পার্টি ও এনসিপির পাল্টাপাল্টি মামলা

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৫ ইং | ০৪:২৬:৩৫:পূর্বাহ্ন  |  ১৮০৪৮১৫ বার পঠিত
রংপুরে জাতীয় পার্টি ও এনসিপির পাল্টাপাল্টি মামলা
ছবির ক্যাপশন: রংপুরে জাতীয় পার্টি ও এনসিপির পাল্টাপাল্টি মামলা

রিপোর্টার্স২৪ ডেস্ক

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা, ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ এনে জাতীয় পার্টি ও এনসিপির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।

ওসি জানান, আজ দুপুরের দিকে মামলা দুটি রেকর্ড করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ মে) নগরীর সেনপাড়ায় জাপা চেয়ারম্যানের বাড়ি ‘দ্য স্কাইভিউতে’ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শুক্রবার (৩০ মে) রাতে কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী বাদী হয়ে মামলা করতে আসেন। কিন্ত এদিন মামলা রেকর্ড না করে অভিযোগ নেন ওসি। এ মামলার অভিযোগে হামলাকারী হিসেবে ২২ জনের নাম অভিযুক্ত করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।

মামলার বাদী জাতীয় ছাত্র সমাজের নেতা আরিফ আলী অভিযোগ করেন, শুক্রবার (২৯ মে) জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের ঢাকা থেকে রংপুরে আসেন। তিনি নগরীর সেনপাড়ায় তার পৈতৃক বাস ভবন স্কাইভিউতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ও দলের চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে তার বাসভবনে ছিলেন। রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত কয়েকজনের নেতৃত্বে সন্ত্রাসীরা জিএম কাদেরের পৈতৃক নিবাস স্কাইভিউতে কাটা রাইফেল, ককটেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তারা জিএম কাদের যে কক্ষে ছিলেন সেখানে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভেঙে ফেলেন। জিএম কাদেরকে হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এ সময় বাস ভবনের সামনে থাকা মোটরসাইকেলে গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাইফেল দিয়ে গুলি বর্ষণ করা হয়।

এর পরদিন শনিবার মামলা নিতে কোতোয়ালি থানার ওসিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন জাপার কো-চেয়ারম্যান ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

এদিকে, ওইদিন শনিবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, কো-চেয়ারম্যান ও  মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের ১৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলার আবেদন করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুরের সংগঠক আলমগীর রহমান নয়ন। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৮০-৯০ জনকে আসামি করা হয়।

আলমগীর রহমান মামলার অভিযোগে বলেন, ‘জাতীয় পার্টির অপতৎপরতা রুখে দাঁড়াও ও মামলার আসামি ফ্যাসিস্টের দোসর জিএম কাদেরকে গ্রেপ্তার করো’ দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে গ্র্যান্ড হোটেল মোড় হয়ে সেনপাড়া চৌরাস্তা মোড়ের দিকে যাবার সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে তার সমর্থকরা হামলা চালায়। এ সময় তাদের চারজন নেতাকর্মী আহত হন।

মেট্রোপলিটন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, জাতীয় পার্টি ও এনসিপি নেতার দায়ের করা দুটি মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই ঘটনাকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪