| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে দূতাবাস বন্ধ করলো নিউজিল্যান্ড

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৫:০৮:০২:অপরাহ্ন  |  ৭৫২০২৪ বার পঠিত
ইরানে দূতাবাস বন্ধ করলো নিউজিল্যান্ড
ছবির ক্যাপশন: ছবিসূত্র : রয়টার্স

রিপোর্টার্স২৪ ডেস্ক: নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ইরানের তেহরানে অবস্থিত নিউজিল্যান্ড দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি দেশটিতে থাকা তাদের কূটনীতিকদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে।

নিউজিল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শুক্রবার (১৬ জানুয়ারি) জানান, কূটনৈতিক কর্মীরা বাণিজ্যিক ফ্লাইটে নিরাপদে ইরান ত্যাগ করেছেন। তেহরান দূতাবাসের কার্যক্রম তুরস্কের রাজধানী আঙ্কারায় স্থানান্তর করা হয়েছে।

মুখপাত্র বলেন, ইরানে সব ধরনের ভ্রমণ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে এবং দেশটিতে অবস্থানরত নিউজিল্যান্ড নাগরিকদের এখনই ইরান ত্যাগ করতে বলা হয়েছে। এছাড়া তীব্র যোগাযোগ সমস্যার কারণে ইরানে থাকা নাগরিকদের জন্য পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে।

নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বৃহস্পতিবার বলেন, সরকারবিরোধী বিক্ষোভের জবাবে তেহরানের সহিংস প্রতিক্রিয়ায় তার দেশ স্তম্ভিত। পিটার্সের বক্তব্য, “ইরানের নিরাপত্তা বাহিনীর চালানো নির্মম দমন-পীড়ন, যার মধ্যে বিক্ষোভকারীদের হত্যাও রয়েছে, আমরা নিন্দা জানাই। ইরানিদের শান্তিপূর্ণ প্রতিবাদ, মতপ্রকাশের স্বাধীনতা এবং তথ্যপ্রাপ্তির অধিকার রয়েছে কিন্তু তা বর্তমানে নির্মমভাবে দমন করা হচ্ছে।”

পিটার্স আরও জানান, নিউজিল্যান্ডের ওয়েলিংটনে অবস্থিত ইরানি দূতাবাসের কাছে সরাসরি তাদের গভীর উদ্বেগ জানানো হয়েছে এবং ভবিষ্যতেও জানানো হবে।

সূত্র: এএফপি

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪