নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে একটি মাদকের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক দ্রব্য ও দেশিয় অস্ত্র সহ এক নারীকে আটক করেছে যৌথ বাহিনী।
থানা পুলিশের সহযোগিতায় সেনাবাহিনীর নেতৃত্বে রোববার (১ জুন) রাতে উপজেলার সোনাকান্দা এলাকায় টানা চার ঘন্টাব্যাপি মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নির্মূলে সোনাকান্দা এলাকায় একটি বাড়িতে মাদকের আস্তানায় অভিযান চালানো হয়। তবে অভিযানের বিষয় টের পেয়ে কৌশলে সেখান থেকে পালিয়ে যায় মাদক ব্যবসায় জড়িত অভিযুক্ত মোহাম্মদ বাবুল হোসেন, মোহাম্মদ মোস্তফা ও রুবেল। তবে ঘটনাস্থল থেকে তাদের তিনজনের জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়।
পরে মাদকের ওই আস্তানায় ব্যাপক তল্লাশি করে ২টি ইয়াবা ট্যাবলেট, ১০টি মদের বোতল, ১১টি দেশীয় অস্ত্র এবং ৮টি মোবাইল ফোন জব্দ সহ মোনা নামে এক নারীকে আটক করা হয়। যিনি এই মাদকের আস্তানায় মাদক ব্যবসায় প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী এবং পলাতক তিনজন মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
অভিযান শেষে জব্দকৃত মাদক দ্রব্য ও দেশিয় অস্ত্রগুলো আলামত হিসেবে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
অভিযানের সত্যতা স্বীকার করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম সময় সংবাদকে জানান, এ ঘটনায় আটককৃত নারী ও পলাতকদের বিরুদ্ধে মাদক এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা প্রক্রিয়াধিন রয়েছে। একই সাথে পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া আটককৃত নারীর বিরুদ্ধে ইতিপূর্বে কোন মামলা আছে কিনা সে বিষয়টি যাছাই বাছাই করা হচ্ছে।
.
রিপোর্টার্স২৪/এস