| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ০৯:৩৩:৩২:পূর্বাহ্ন  |  ৭৪৯৮৯৩ বার পঠিত
পাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সড়ক দুর্ঘটনায় হৃদয়বিদারক এক ট্র্যাজেডিতে একই পরিবারের ১৪ জনের মৃত্যু হয়েছে। সারগোধা বিভাগের খুশাব জেলার কাছে একটি যাত্রীবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে এই ভয়াবহ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৯ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশে রওনা হওয়া ট্রাকটি দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকার কাছে পৌঁছালে ঘন কুয়াশার কবলে পড়ে। দৃশ্যমানতা কম থাকায় চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারান এবং সেটি সড়ক থেকে ছিটকে পাশের একটি গভীর খালে পড়ে যায়।

দুর্ঘটনার সময় ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে নারী ও শিশুসহ একই পরিবারের সদস্যরা ছিলেন বেশি। ঘটনাস্থলেই প্রাণ হারান ৮ জন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ৬ জন মারা যান। নিহতদের মধ্যে সব নারী ও শিশুই রয়েছেন।

পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানান, রাত ১১টা ২২ মিনিটে জরুরি কল পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। খাল থেকে ট্রাকটি উদ্ধারে রাতভর কাজ করতে হয় উদ্ধারকর্মীদের।

আহতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা সবাই শ্রমজীবী মানুষ। কাজের সন্ধানে বান্নু জেলা থেকে খুশাব শহরে যাচ্ছিলেন। আহত ৯ জনের মধ্যে ২ জনকে খুশাবের টিএইচকিউ হাসপাতালে এবং গুরুতর আহত ৭ জনকে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সূত্র: ডন


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪