| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাপানে সংসদ বিলুপ্ত, ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৩:১০:৩৫:অপরাহ্ন  |  ৭০৯৮৩০ বার পঠিত
জাপানে সংসদ বিলুপ্ত, ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আগাম জাতীয় নির্বাচনের আগে সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) দেশটির সংসদের স্পিকার আনুষ্ঠানিকভাবে নিম্নকক্ষ বিলুপ্তির ঘোষণা দেন। এ সময় সংসদ সদস্যরা ঐতিহ্যবাহী ‘বাঞ্জাই’ স্লোগানের মাধ্যমে প্রতিক্রিয়া জানান।

৪৬৫ সদস্যের নিম্নকক্ষ বিলুপ্তির মধ্য দিয়ে ১২ দিনের নির্বাচনী প্রচারণার পথ খুলে গেছে, যা আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

এর আগে গত সোমবার (১৯ জানুয়ারি) প্রধানমন্ত্রী তাকাইচি আগাম নির্বাচনের ঘোষণা দেন। গত অক্টোবরে নির্বাচিত হয়ে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মধ্যেই তার জনপ্রিয়তা প্রায় ৭০ শতাংশে পৌঁছেছে বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে।

নিজের ব্যক্তিগত জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সাম্প্রতিক বছরগুলোতে জনসমর্থন হারানো শাসক দলকে পুনরায় শক্ত অবস্থানে ফেরানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন তাকাইচি।

বর্তমানে তাকাইচির লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাপান ইনোভেশন পার্টি (জেআইপি) নিয়ে গঠিত শাসক জোটের নিম্নকক্ষে খুবই সীমিত সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

তসুকুবা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিদেহিরো ইয়ামামোতো বলেন, প্রধানমন্ত্রীর উচ্চ জনসমর্থন আদৌ এলডিপির ভোট বাড়াবে কি না, তা স্পষ্ট নয়। তার মতে, ভোটারদের মূল বিবেচ্য বিষয় হবে মূল্যস্ফীতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এনএইচকে জানিয়েছে, আসন্ন নির্বাচনী প্রচারণায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও চীনের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা ইস্যু প্রধান আলোচ্য বিষয় হবে।

উল্লেখ্য, গত নভেম্বরে প্রধানমন্ত্রী তাকাইচি মন্তব্য করেছিলেন, চীন যদি তাইওয়ানে সামরিক পদক্ষেপ নেয়, তবে জাপান এতে জড়িয়ে পড়তে পারে। ওই মন্তব্যের পর থেকেই টোকিও ও বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। চীন স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪