রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার ফরিদাবাদের হরিয়ানা এলাকায় ৪ বছরের মেয়েকে ১ থেকে ৫০ পর্যন্ত লিখতে না পারায় মারধর করার অভিযোগে তার বাবা কৃষ্ণ জয়সওয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মেয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, ২১ জানুয়ারি কৃষ্ণ তার চার বছরের মেয়েকে পড়াতে বসেন। একপর্যায়ে তিনি মেয়েকে অঙ্ক করাতে শুরু করেন এবং ১ থেকে ৫০ পর্যন্ত লিখতে বলেন। মেয়েটি লেখাও শুরু করেছিল, কিন্তু কয়েকটি সংখ্যা লেখার পর পরবর্তী সংখ্যা মনে রাখতে পারেনি। তখনই কৃষ্ণের মেজাজ হারিয়ে যায় এবং তিনি মেয়েকে মারধর করেন। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে এবং তার মৃত্যু হয় এমনটাই ধারণা পুলিশের।
পুলিশ জানিয়েছে, ফরিদাবাদে স্ত্রী ও কন্যাসহ ভাড়াবাড়িতে থাকতেন কৃষ্ণ। তিনি ও তার স্ত্রী দু’জনেই একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। স্ত্রী দিনের সময়ে অফিসে থাকেন, তাই মেয়েকে দেখাশোনা করতেন কৃষ্ণ। রাতে স্ত্রী ফিরে আসার পর কৃষ্ণ কাজ করতে যান।
ঘটনার দিন সন্ধ্যায় কৃষ্ণের স্ত্রী বাড়ি ফেরেন এবং মেয়ের মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং কৃষ্ণকে গ্রেপ্তার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, মেয়েকে পড়াতে গিয়ে ৫০ পর্যন্ত লিখতে না পারায় তাকে মারধর করার পর তার মৃত্যু হয়েছে। তদন্ত চলছে।
সূত্র: দ্য হিন্দু
রিপোর্টার্স২৪/আয়েশা