| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীনের সঙ্গে চুক্তি হলে কানাডার পণ্যে ১০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ০৯:৫৬:৫২:পূর্বাহ্ন  |  ৬৯১৯৬২ বার পঠিত
চীনের সঙ্গে চুক্তি হলে কানাডার পণ্যে ১০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

রিপোর্টার্স২৪ ডেস্ক: চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি এগিয়ে নিলে কানাডার ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডাকে ব্যবহার করে চীন যেন যুক্তরাষ্ট্রে সস্তা পণ্য ঢুকাতে না পারে- এ বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন তিনি।

স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, কানাডাকে ব্যবহার করে চীন তাদের সস্তা পণ্য যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দেবে- কার্নি যদি এমনটি মনে করেন, তাহলে তিনি চরমভাবে ভুল করছেন।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কানাডা যদি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব কানাডীয় পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এ সময় ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ‘প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ না করে ‘গভর্নর কার্নি’ বলে সম্বোধন করেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে অভিহিত করে আসছেন, যা নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক অস্বস্তিও তৈরি হয়েছে।

এদিকে কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্যবিষয়ক মন্ত্রী ডোমিনিক লেব্লাঙ্ক মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে জানান, চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে কানাডা তেমন কোনো তোড়জোড় করছে না। তিনি বলেন, গত সপ্তাহে চীনের সঙ্গে যে সমঝোতা হয়েছে, তা মূলত শুল্কসংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান।

লেব্লাঙ্ক আরও জানান, কানাডার নতুন সরকার দেশটির অর্থনীতি শক্তিশালী করতে কাজ করছে। এর অংশ হিসেবে দেশে ও বিদেশে বাণিজ্যিক অংশীদারিত্ব আরও জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের আগেই তিনি কানাডার পণ্যে শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছিলেন। পাশাপাশি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেন তিনি।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪