| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কানাডায় ভারতীয় বংশোদ্ভূত যুবক গুলিতে নিহত, গ্যাং সংঘাতের সন্দেহ পুলিশের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৩:৪৬:০১:অপরাহ্ন  |  ৬৯১৩৭১ বার পঠিত
কানাডায় ভারতীয় বংশোদ্ভূত যুবক গুলিতে নিহত, গ্যাং সংঘাতের সন্দেহ পুলিশের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের বার্নাবি শহরে গুলিতে নিহত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক যুবক। নিহতের নাম দিলরাজ সিং গিল (২৮)। তিনি ভ্যাঙ্কুভারের বাসিন্দা ছিলেন। পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডটি গ্যাং সংঘাতের সঙ্গে সম্পৃক্ত হতে পারে।

বার্নাবি রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার কিছু আগে কানাডা ওয়ের ৩৭০০ ব্লক এলাকায় গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সদস্যরা। সেখানে এক পুরুষকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে জীবন রক্ষার চেষ্টা করা হলেও তিনি মারা যান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার কিছু সময় পর বক্সটন স্ট্রিটের ৫০০০ ব্লক এলাকায় একটি জ্বলন্ত গাড়ি পাওয়া যায়। তদন্তকারীরা গাড়িটির সঙ্গে গুলির ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা যাচাই করেন। পরবর্তীতে নিশ্চিত করা হয়, গাড়িটি এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।

বার্নাবি পুলিশের এক বিবৃতিতে বলা হয়, নিহত দিলরাজ সিং গিল পুলিশের কাছে পরিচিত ছিলেন এবং এই গুলির ঘটনায় ব্রিটিশ কলাম্বিয়ার গ্যাং সংঘাতের যোগসূত্র রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাটির তদন্ত করছে ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বার্নাবি আরসিএমপি, লোয়ার মেইনল্যান্ড জেলা সমন্বিত ফরেনসিক শনাক্তকরণ বিভাগ (আইএফআইএস) এবং ব্রিটিশ কলাম্বিয়া করোনার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।

আইএইচআইটির সার্জেন্ট ফ্রেডা ফং বলেন, জনসমাগমপূর্ণ স্থানে গুলির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তদন্ত এগিয়ে নিতে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে প্রত্যক্ষদর্শী ও আশপাশের মানুষের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পুলিশ ইতোমধ্যে ওই এলাকার প্রত্যক্ষদর্শী এবং ড্যাশক্যাম ফুটেজ থাকা চালকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। এনডিটিভি

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪