| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলামাবাদে ইমামবাড়ায় আত্মঘাতী হামলা: নিহত ৩১, আহত ১৬৯

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৬, ২০২৬ ইং | ২১:৩১:৫১:অপরাহ্ন  |  ৬০৯৬০৯ বার পঠিত
ইসলামাবাদে ইমামবাড়ায় আত্মঘাতী হামলা: নিহত ৩১, আহত ১৬৯
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের তারলাই এলাকায় একটি ইমামবাড়ায় জুমার নামাজের সময় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন।

শুক্রবার(৬ ফেব্রুয়ারি) দুপুরে তারলাই এলাকার খাদিজাতুল কুবরা ইমামবাড়ায় এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। বিস্ফোরণের পর ইমামবাড়ার ভেতরে ও বাইরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। আহতদের অনেককে ইমামবাড়ার বাগানে শুয়ে থাকতে দেখা যায়, যেখানে স্বজনরা সাহায্যের জন্য আহ্বান জানান।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, হামলার সঙ্গে ভারত ও আফগানিস্তানের যোগসূত্র রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হামলাকারী সন্ত্রাসী আফগানিস্তানে যাতায়াত করেছিল এমন প্রমাণ পাওয়া গেছে। তাঁর দাবি, নিরাপত্তাকর্মীরা হামলাকারীকে চ্যালেঞ্জ করলে সে গুলি চালায় এবং পরে নামাজিদের শেষ সারিতে দাঁড়িয়ে নিজেকে বিস্ফোরণ ঘটায়।

তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তালাল চৌধুরী সাংবাদিকদের জানান, হামলাকারী আফগান নাগরিক নয়। তবে ফরেনসিক পরীক্ষায় তার একাধিকবার আফগানিস্তানে যাতায়াতের তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, হামলার ১০–১২ মিনিটের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।


চৌধুরী আরও বলেন, পাকিস্তানে সন্ত্রাসী হামলাগুলো সাধারণত ধর্ম, ভাষাগত কিংবা প্রাদেশিক বিভেদের নামে চালানো হয়। এ প্রসঙ্গে তিনি নিষিদ্ধ সংগঠন বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-এর কথাও উল্লেখ করেন।

হামলায় ইসলামাবাদের পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) এক আত্মীয় নিহত হয়েছেন বলে জানান তিনি। একই সঙ্গে জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) বাস্তবায়নে সরকারের কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন।

এদিকে হামলার পর ইসলামাবাদ ও পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাওয়ালপিন্ডি পুলিশকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ ইসলামাবাদে ২৫টি অ্যাম্বুলেন্স পাঠানোর নির্দেশ দেন এবং সব হাসপাতালকে হাই অ্যালার্টে রাখা হয়।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পৃথক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছেন। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

উল্লেখ্য, এর আগেও গত বছরের নভেম্বরে ইসলামাবাদের জি-১১ এলাকায় একটি আদালত ভবনের বাইরে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হয়েছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪