ইন্টারন্যাশনাল ডেস্ক: কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে টাম্বলার রিজ এলাকায় একটি হাইস্কুল ও এর নিকটবর্তী আবাসিক ভবনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছয়জনের মরদেহ উদ্ধার করে এবং প্রায় ৩০ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠায়।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাকি ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনাস্থলেই হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলার পর সে নিজেই আত্মহত্যা করেছে। তবে তার পরিচয় ও হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
এছাড়া স্কুলের কাছের একটি বাড়ি থেকে আরও দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের ধারণা, তাদের মৃত্যু স্কুলে সংঘটিত হামলার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে।
আরসিএমপি এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার পর আশপাশের বাড়িঘর ও আবাসনগুলোতে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে, যাতে নিশ্চিত হওয়া যায় আর কোনো হতাহত বা সন্দেহভাজন রয়েছে কি না।
ঘটনার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসন নাগরিকদের নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম