ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তান-এর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান-কে নির্মাণাধীন ইসলামাবাদ কারাগারে স্থানান্তরের ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। বিষয়টি জানিয়েছে সামা টিভি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাকভি বলেন, ইসলামাবাদ কারাগারের নির্মাণকাজ আগামী দুই মাসের মধ্যেই সম্পন্ন হবে। নতুন এই কারাগারে আধুনিক চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের সুবিধা রাখা হবে। তিনি জানান, ইসলামাবাদের একটি আদালত যেহেতু ইমরান খানকে দণ্ড দিয়েছেন, তাই আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে ইসলামাবাদ কারাগারেই স্থানান্তর করা হবে।
এদিকে ইসলামাবাদ পুলিশ লাইন্সে আয়োজিত এক পাসিং-আউট প্যারেড অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ফেডারেল পুলিশের জন্য দিনটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় আগে কোনো বিশেষায়িত ইউনিট ছিল না। মাত্র তিন মাস আগে একটি প্রশিক্ষণ কোর্স শুরু করা হয় এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় ছয় মাসের প্রশিক্ষণ কর্মসূচি তিন মাসেই সম্পন্ন করা সম্ভব হয়েছে।
নাকভি আরও জানান, প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের পেছনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। ইসলামাবাদের পুলিশ প্রশিক্ষণ স্কুলগুলো আধুনিকায়নের কাজ চলছে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকেও সদস্যরা এখানে এসে প্রশিক্ষণ নেবেন।
তিনি আশা প্রকাশ করেন, নতুন কর্মকর্তারা দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের মাধ্যমে সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি সফল প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের জন্য ইসলামাবাদের পুলিশ মহাপরিদর্শককেও অভিনন্দন জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
রিপোর্টার্স২৪/ঝুম