রিপোর্টার্স২৪ ডেস্ক: দুর্নীতির গুরুতর অভিযোগের মুখে দেশ ছাড়ার সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কোকে গ্রেপ্তার করেছে দেশটির জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (নাবু)। সংস্থাটি রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
নাবুর বিবৃতিতে বলা হয়, ‘মিডাস’ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত গালুশচেঙ্কো গোপনে দেশত্যাগের চেষ্টা করছিলেন। এ সময় তাকে আটক করা হয় এবং বর্তমানে তিনি কারা হেফাজতে রয়েছেন। আইন ও আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলেও জানানো হয়।
গালুশচেঙ্কো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ মন্ত্রী হিসেবে পরিচিত ছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে প্রায় ১০ কোটি ডলার অবৈধভাবে অর্জন ও বিদেশে পাচারের অভিযোগ ওঠে।
অভিযোগে বলা হয়েছে, প্রভাব খাটিয়ে তিনি ইউক্রেনীয় ব্যবসায়ী তিমুর মিন্ডিচকে জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ করে দেন। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান এনার্জোঅ্যাটমসহ সংশ্লিষ্ট ঠিকাদারদের কাছ থেকে বিভিন্ন চুক্তির বিপরীতে ১০ থেকে ১৫ শতাংশ ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এসব অভিযোগ প্রকাশ্যে আসার পর গত নভেম্বরে তিনি পদত্যাগে বাধ্য হন। পরে দেশ ছাড়ার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালে ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেঙ্কোসহ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠে। বিশ্লেষকদের মতে, সরকারি প্রশাসনে দুর্নীতির বিস্তার ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে আছে। এই কারণেই ইউরোপীয় ইউনিয়নে দেশটির সদস্যপদ প্রাপ্তির প্রক্রিয়াও এখনও অনিশ্চয়তায় রয়েছে।
রিপোর্টার্স২৪/আরকে