রিপোর্টার্স২৪ ডেস্ক: সিরিয়ার আটক কেন্দ্র থেকে ৫,৭০০-এর বেশি সন্দেহভাজন আইএস যোদ্ধা ইরাকের হেফাজতে স্থানান্তর করা হয়েছে। এ তথ্য জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ২৩ দিনব্যাপী এই অভিযানে বিভিন্ন দেশের আইএস বন্দি সিরিয়ার কারাগার থেকে ইরাকে পাঠানো হয়।
সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, ২১ জানুয়ারি শুরু হওয়া অভিযানে প্রাপ্তবয়স্ক পুরুষ বন্দিদের নিরাপদে স্থানান্তর নিশ্চিত করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি উত্তর-পূর্ব সিরিয়া থেকে ইরাকে একটি রাতের ফ্লাইটের মাধ্যমে বন্দিরা পৌঁছে। দীর্ঘদিন এসব বন্দি কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) কারাগারে ছিলেন, তবে সিরিয়ার সরকারি বাহিনী উত্তরাঞ্চল পুনর্দখলের কারণে নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়।
ইরাকের ন্যাশনাল সেন্টার ফর ইন্টারন্যাশনাল জুডিশিয়াল কো-অপারেশন (এনসিআইজেসি) জানিয়েছে, ৫,৭০৪ জন বন্দির মধ্যে ৩,৫৪৩ জন সিরিয়ান, ৪৬৭ জন ইরাকি, ৭১০ জন অন্যান্য আরব দেশের নাগরিক এবং ৯৮০-এর বেশি বিদেশি।
বিশ্লেষকদের মতে, এসব বন্দির ভবিষ্যৎ ও বিচার প্রক্রিয়া আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, আইএস ২০১৪ সালে সিরিয়া ও ইরাকে দখলদারিত্ব প্রতিষ্ঠা করলেও ২০১৭ ও ২০১৯ সালে তাদের পরাজিত করা হয়। এরপর হাজার হাজার সন্দেহভাজন যোদ্ধা ও পরিবারের সদস্য বিভিন্ন কারাগার ও শিবিরে রাখা হয়েছে।
রিপোর্টার্স২৪/আরকে