| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালি সাময়িক বন্ধ, ইরানের শক্তি প্রদর্শনে বিশ্ববাজারে উদ্বেগ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ১০:১৭:৩৭:পূর্বাহ্ন  |  ৫০৩৪১৯ বার পঠিত
হরমুজ প্রণালি সাময়িক বন্ধ, ইরানের শক্তি প্রদর্শনে বিশ্ববাজারে উদ্বেগ

রিপোর্টার্স২৪ ডেস্ক: পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চলাকালীন এক বিরল শক্তি প্রদর্শনের অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জেনেভায় ওমানি দূতের বাসভবনে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসার সময়ই তেহরান থেকে এই ঘোষণা আসে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সামরিক মহড়া ও নৌ-নিরাপত্তার স্বার্থে কয়েক ঘণ্টার জন্য প্রণালিটি বন্ধ রাখা হয়েছে।

বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তাই সাময়িক বন্ধের ঘোষণাতেই বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দেয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মহড়ার অংশ হিসেবে লাইভ মিসাইল নিক্ষেপ করেছে বলেও জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, ১৯৮০-এর দশকের পর এই প্রথম আন্তর্জাতিকভাবে এত গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের এমন ঘোষণা দিল তেহরান।

খামেনির কড়া বার্তা

এ উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বিশ্বের শক্তিশালী সেনাবাহিনীও এমন আঘাত পেতে পারে, যেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর শক্তিবৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, যুদ্ধজাহাজের চেয়েও বড় হুমকি হতে পারে সেই অস্ত্র, যা জাহাজকে ডুবিয়ে দিতে সক্ষম।

কূটনীতিতে আশার সুর

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তুলনামূলক নরম সুরে কথা বলেন। জাতিসংঘ নিরস্ত্রীকরণ সম্মেলনে তিনি জানান, আলোচনার মাধ্যমে টেকসই সমাধানের একটি নতুন জানালা উন্মোচিত হয়েছে। তবে সম্ভাব্য আগ্রাসনের জবাবে ইরান প্রস্তুত বলেও স্পষ্ট করেন তিনি।

মার্কিন প্রতিনিধি দলের সদস্য জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ সরাসরি মন্তব্য না করলেও, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এক সাক্ষাৎকারে জানান, আলোচনা কিছু ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি দেখিয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত ‘রেড লাইন’ এখনো ইরান মেনে নেয়নি বলেও উল্লেখ করেন তিনি।

সামরিক উপস্থিতি বৃদ্ধি

গত সপ্তাহে ট্রাম্প বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেন। এটি সেখানে আগে থেকেই অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিঙ্কন–এর সঙ্গে যুক্ত হচ্ছে। পাল্টাপাল্টি সামরিক অবস্থান এবং গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের সিদ্ধান্তে আন্তর্জাতিক বাজারে উদ্বেগ তৈরি হয়েছে।

এখন নজর রয়েছে আগামী দুই সপ্তাহে ইরান যে বিস্তারিত প্রস্তাব উপস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে, তা দীর্ঘদিনের পারমাণবিক অচলাবস্থা নিরসনে কতটা কার্যকর ভূমিকা রাখে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪