| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পার্লারের ব্যবসার আড়ালে মাদক ও অস্ত্র চক্র, গ্রেপ্তার ‘ম্যাডাম জেহের’

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ১৭:৩৭:০৭:অপরাহ্ন  |  ৪৮৩১৭০ বার পঠিত
পার্লারের ব্যবসার আড়ালে মাদক ও অস্ত্র চক্র, গ্রেপ্তার ‘ম্যাডাম জেহের’

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে লরেন্স বিষ্ণোই ও হাশিম বাবা গ্যাংয়ের একটি বড় সিন্ডিকেটের সদস্যদের আটক করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। এ অভিযানে গ্রেপ্তার হয়েছেন খুশনুমা আনসারি ওরফে নেহা এবং তার সহযোগী শীর্ষ অস্ত্র সরবরাহকারী ববি কবুতর ওরফে মাহফুজ।

পুলিশ জানিয়েছে, উত্তর–পূর্ব দিল্লিতে একটি বিউটি পারলার চালাতেন নেহা। তবে সেটি ছিল অপরাধী নেটওয়ার্কের আড়াল। দিনে পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করতেন।

তদন্তে জানা যায়, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন নেহা। তার সঙ্গী ববি কবুতর গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী। তিনি ভারতের কুখ্যাত অবৈধ অস্ত্র ব্যবসায়ী সেলিম পিস্তলের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করতেন বলে অভিযোগ রয়েছে, যার সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সম্পৃক্ততার কথাও জানিয়েছে পুলিশ।

পুলিশের মতে, এই সিন্ডিকেটের সরবরাহ করা অস্ত্র বিভিন্ন আলোচিত অপরাধে ব্যবহৃত হয়েছে। এর মধ্যে রয়েছে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডসহ আরও কয়েকটি ঘটনা। তদন্তকারীরা বলছেন, ওই হত্যাকাণ্ডের আগে গায়কের চলাফেরা নজরদারিতেও যুক্ত ছিলেন ববি কবুতর।

তদন্তে আরও জানা গেছে, অপরাধী চক্রটিতে নারীদের অংশগ্রহণ বাড়ছে। নেহাকে এই গ্যাংয়ের তৃতীয় ‘লেডি ডন’ হিসেবে উল্লেখ করেছে পুলিশ।

গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে মহিপালপুর ফ্লাইওভারের কাছ থেকে নেহা, ববি এবং আরও দুজনকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় নেহার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করে গ্যাংটির আর্থিক লেনদেন ও ন্যাশনাল ক্যাপিটাল রিজনজুড়ে ছড়িয়ে থাকা স্লিপার সেল সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।


সূত্র: এনডিটিভি


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪