| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার সঙ্গে আরও জোরদার সম্পর্ক চায় দিল্লি: রণধীর জয়সওয়াল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ২০:৩১:০৮:অপরাহ্ন  |  ৪৮১১৫৯ বার পঠিত
ঢাকার সঙ্গে আরও জোরদার সম্পর্ক চায় দিল্লি: রণধীর জয়সওয়াল
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু, বিশেষ করে ভিসা কার্যক্রম নিয়ে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবে দিল্লি।

শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে জয়সওয়াল জানান, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এ সময় তিনি মোদীর পাঠানো একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।

জয়সওয়াল বলেন, চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থনের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত করার আশাবাদও ব্যক্ত করা হয়।

ব্রিফিংয়ে ভিসা কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, এ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা হবে। সম্প্রতি উভয় দেশের কনস্যুলার কার্যক্রমে যে স্থবিরতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর ঢাকা-দিল্লি সম্পর্কে কিছুটা শীতলতা দেখা দেয়। পরবর্তীতে গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলে সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দেয়।

১৮ ডিসেম্বর রাতে ঢাকায় দুটি পত্রিকা অফিস ও ছায়ানট ভবনে হামলার ঘটনা ঘটে। একই রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর জেরে ২১ ডিসেম্বর থেকে চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। পরদিন দিল্লি ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশন থেকেও ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়।

তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দুই দেশের সম্পর্কে ইতিবাচক অগ্রগতি লক্ষ করা যাচ্ছে। পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই ১৩ ফেব্রুয়ারি সকালে এক বিবৃতিতে তারেক রহমানকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। ফলাফল প্রকাশের পর বিকালে ফোনে তারেক রহমানের সঙ্গে কথা বলেন তিনি এবং নতুন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ জানালেও ‘এআই ইমপ্যাক্ট সামিটে’ অংশগ্রহণের কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়। তার পরিবর্তে শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন স্পিকার ওম বিড়লা।

এদিকে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর ভিসা কার্যক্রমেও গতি এসেছে। শুক্রবার থেকে দিল্লিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা দেওয়া শুরু করেছে বাংলাদেশ হাই কমিশন। এর আগে সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস সাংবাদিকদের জানান, সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া শিগগিরই স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪