রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের আকাশপথে আবারও মর্মান্তিক দুর্ঘটনা। রাঁচি থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করা একটি এয়ার অ্যাম্বুল্যান্স মাঝ আকাশে নিয়ন্ত্রণ ও যোগাযোগ হারিয়ে ঝাড়খণ্ডে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে থাকা সাতজনের সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল বিচক্রাফট সি-৯০ মডেলের, যা পরিচালনা করছিল ‘রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড’। সোমবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি থেকে উড্ডয়নের প্রায় ২৩ মিনিট পর বিমানটির সঙ্গে রাডার ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগের পর রাত ৭টা ৩৪ মিনিটে বিমানটি রাডার থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। পরে চাতরা জেলার সিমারিয়া থানার অন্তর্গত এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, পালামৌ ও লাতেহার জেলার মধ্যবর্তী কোনো স্থানে দুর্ঘটনাটি ঘটেছে।
বিমানে ছিলেন দুই পাইলট- বিবেক বিকাশ বিলাগত ও সর্বদীপ সিংহ। এছাড়া ছিলেন একজন গুরুতর দগ্ধ রোগী, তার দুই সহকারী, একজন চিকিৎসক এবং একজন প্যারামেডিক। ৪১ বছর বয়সী ওই রোগীর শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লিতে নেওয়া হচ্ছিল।
জেলা প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) তদন্ত শুরু করতে যাচ্ছে।
রিপোর্টার্স২৪/আরকে