ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের অধিকাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক মনে করছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে দেশকে ভুল পথে নিয়ে যাচ্ছেন। এ তথ্য এনপিআর, পিবিএস নিউজ ও মারিস্টের যৌথ জরিপে উঠে এসেছে। খবর জানিয়েছে The Guardian।
জরিপে দেখা গেছে, ৫৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মনে করেন, ট্রাম্পের নীতিতে দেশ আগের চেয়ে খারাপ অবস্থায় যাচ্ছে। প্রথম মেয়াদের একই সময়ের তুলনায় এই সংখ্যা ১৩ শতাংশ বেশি। গত এপ্রিলের তুলনায় নেতিবাচক মতামত ৪ শতাংশ বেড়েছে।
দলভিত্তিক বিভাজন স্পষ্ট। ৯০ শতাংশ ডেমোক্র্যাট মনে করছেন, দেশ এখন খারাপ অবস্থায়, অন্যদিকে ৮২ শতাংশ রিপাবলিকান মনে করছেন পরিস্থিতি উন্নত হয়েছে।
গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আস্থা কমেছে। ২০২৫ সালের মার্চে ৪৩ শতাংশ মার্কিনি মনে করেছিলেন, প্রেসিডেন্ট, কংগ্রেস ও আদালতের মধ্যে ক্ষমতার ভারসাম্য ঠিকভাবে কাজ করছে। নতুন জরিপে সেই হার নেমে এসেছে ৩২ শতাংশে।
এদিকে পিউ রিসার্চ সেন্টার জানুয়ারির জরিপে দেখা গেছে, মাত্র ২৭ শতাংশ প্রাপ্তবয়স্ক ট্রাম্পের বেশিরভাগ নীতি ও পরিকল্পনাকে সমর্থন করেন।
রিপাবলিকানদের মধ্যেও ট্রাম্পের প্রতি সমর্থন কিছুটা কমেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ৭৫ শতাংশ রিপাবলিকান বা রিপাবলিকান-ঘেঁষা ভোটার মনে করতেন, দায়িত্ব পালনের জন্য তার মানসিক সক্ষমতা যথেষ্ট। জানুয়ারিতে সেই হার কমে দাঁড়িয়েছে ৬৬ শতাংশে। এছাড়া, অফিসে নৈতিক আচরণ করছেন বলে মনে করেন এমন রিপাবলিকান সমর্থকের হার ৫৫ থেকে কমে ৪২ শতাংশে নেমেছে।
রিপোর্টার্স২৪/ঝুম