রিপোর্টার্স২৪ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ইমরান খান, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা, তার চোখের চিকিৎসার দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসলামাবাদের পাকিস্তান ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্সেস-এ তিনি চিকিৎসা নেন।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রক্রিয়ার আগে ও পরে ইমরান খান শারীরিকভাবে স্থিতিশীল ছিলেন এবং তার দৃষ্টিশক্তি আরও উন্নত হয়েছে।
৭৪ বছর বয়সী ইমরান খানকে সেন্ট্রাল জেল আদিয়ালা থেকে ফলো-আপ চিকিৎসার জন্য আনা হয়। তাকে অ্যান্টি-ভিইজিএফ ইনট্রাভিট্রিয়াল ইনজেকশনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
প্রথম ডোজ দেওয়া হয়েছিল ২৪-২৫ জানুয়ারির মধ্যরাতে, এরপর এক মাস পর দ্বিতীয় ইনজেকশন প্রদান করা হয়।
ইনজেকশনটি মাইক্রোস্কোপের মাধ্যমে ডা. মুহাম্মদ আরিফ ও ডা. নাদিম কুরেশি দ্বারা প্রয়োগ করা হয়।
মেডিকেল বোর্ডের পরীক্ষা
ইনজেকশনের আগে ইমরান খানের শারীরিক সক্ষমতা পরীক্ষা করা হয়। কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট তার ইসিজি ও ইকোকার্ডিওগ্রাফি করেন, ফলাফল স্বাভাবিক আসে।
একজন কনসালট্যান্ট ফিজিশিয়ানও তাকে পরীক্ষা করেন। সবশেষে ক্লিনিক্যালি স্থিতিশীল ও চিকিৎসার জন্য উপযুক্ত ঘোষণা করা হয়।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, আনুষ্ঠানিক সম্মতি নেওয়ার পরই ইনজেকশন প্রয়োগ করা হয় এবং অপারেশন থিয়েটারে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা ও মানসম্মত প্রটোকল অনুসরণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/আরকে