আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের চার বছর পূর্তিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন তার স্বাধীনতা রক্ষা করেছে এবং শান্তির প্রচেষ্টায় জনগণের আত্মত্যাগ কখনও বিশ্বাসঘাতকতার শিকার হবে না।
মঙ্গলবার দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, পুতিন তার লক্ষ্য অর্জন করতে পারেননি। তিনি ইউক্রেনীয় জনগণকে ভাঙতে পারেননি। তিনি এই যুদ্ধ জিততে পারেননি।
তিনি আরও বলেন, আমরা ইউক্রেনকে রক্ষা করেছি এবং আমরা শান্তি অর্জনে সবকিছু করব এবং ন্যায়বিচার নিশ্চিত করব।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর চার বছর পূর্তি উপলক্ষে এদিন কিয়েভে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে ইউরোপীয় মিত্রদের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে, যার মধ্যে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনও থাকবেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটিই সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। যুদ্ধের চার বছরে উভয় পক্ষের লক্ষাধিক সেনা নিহত বা আহত হয়েছেন। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় হাজারো ইউক্রেনীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং বহু শহর ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনা বর্তমানে অচলাবস্থায় রয়েছে। প্রধান বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে ভূখণ্ডের প্রশ্ন।
মস্কো যুদ্ধক্ষেত্রে ধীরগতিতে অগ্রসর হলেও পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের অবশিষ্ট প্রায় ২০ শতাংশ ভূখণ্ড ছেড়ে দেওয়ার দাবি থেকে সরে আসেনি। অন্যদিকে কিয়েভ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভূমি রক্ষায় হাজারো মানুষ প্রাণ দিয়েছেন, তা ছেড়ে দেওয়া হবে না।
জেলেনস্কি তার ভাষণে বলেন, আমরা শান্তি চাই দৃঢ়, মর্যাদাপূর্ণ ও দীর্ঘস্থায়ী শান্তি।
শান্তি আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, এই বছরগুলোর সংগ্রাম, সাহস ও মর্যাদাকে অবমূল্যায়ন করবেন না। আমরা তা ত্যাগ করতে পারি না, ভুলে যেতে পারি না, বিশ্বাসঘাতকতা করতে পারি না।রয়টার্স
রিপোর্টার্স২৪/এসসি