| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লখনৌ বিশ্ববিদ্যালয়ে নামাজরতদের ঘিরে পাহারায় হিন্দু শিক্ষার্থীরা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ২০:২২:২১:অপরাহ্ন  |  ৪৬৫৮৯৬ বার পঠিত
লখনৌ বিশ্ববিদ্যালয়ে নামাজরতদের ঘিরে পাহারায় হিন্দু শিক্ষার্থীরা
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের লখনৌ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রমজান মাসে দেখা গেছে এক ব্যতিক্রমী সম্প্রীতির দৃশ্য। মুসলিম শিক্ষার্থীরা নামাজ আদায় করছেন, আর তাদের নিরাপত্তা নিশ্চিত করতে মানববন্ধন করে ঘিরে রেখেছেন হিন্দু সহপাঠীরা। ঘটনাটি স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ঘটনার কেন্দ্রবিন্দু বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত প্রায় ২০০ বছরের পুরোনো লাল বড়দারি মসজিদ কমপ্লেক্স। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন মসজিদটিতে তালা লাগিয়ে দেয়।

কর্তৃপক্ষের দাবি, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। নিরাপত্তার স্বার্থে সেটি বন্ধ করা হয়েছে। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, লাল বড়দারি ভবন কমপ্লেক্সটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত; সেখানে অবস্থিত ব্যাংক, ক্লাব ও ক্যান্টিনও খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। গেট তালাবদ্ধ করে ব্যারিকেড বসানো হয়েছে। ভবনের ভেতরের মসজিদটি আরও বেশি জরাজীর্ণ ও আংশিক নির্মাণাধীন হওয়ায় সেখানে প্রবেশ নিরাপদ নয় বলেও দাবি করা হয়েছে।

ঐতিহাসিক এই ভবনটি ১৮০০ সালে নবাব নাসিরুদ্দিন হায়দার নির্মাণ করেন। বর্তমানে এটি আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া-এর সংরক্ষিত স্থাপনার তালিকাভুক্ত।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, কোনো পূর্ব নোটিশ ছাড়াই রমজান মাসে মসজিদটি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সময়ে মুসলিম শিক্ষার্থীরা মসজিদে প্রবেশ করতে পারেননি। গত রোববার (২২ ফেব্রুয়ারি) ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে নামাজের সময় হলে তারা মসজিদের বাইরে নামাজ আদায় করেন।

এ সময় পুলিশ উপস্থিত থাকায় নামাজে বিঘ্ন ঘটতে পারে,এমন আশঙ্কা থেকে হিন্দু শিক্ষার্থীরা মানববন্ধন তৈরি করে মুসলিম সহপাঠীদের চারপাশে অবস্থান নেন। সম্প্রীতির এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

মসজিদ বন্ধের ঘটনায় শিক্ষার্থীরা ইমরান প্রতাপগড়ী-এর সঙ্গে ভিডিও কলে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানান। পরে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, শতাব্দীপ্রাচীন এই মসজিদ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের অংশ হলেও শিক্ষার্থীদের না জানিয়েই দরজা ঝালাই করে সিল করে দেওয়া হয়েছে। তিনি অবিলম্বে এলাকা খুলে দেওয়ার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, বড়দারি কমপ্লেক্সের ভেতরে অন্যান্য কার্যক্রম চলছিল, যা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কী ধরনের কার্যক্রম চলছিল, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪