| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে দাবি ট্রাম্পের, অর্থনীতি নিয়ে ক্ষোভে ভোটাররা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৩:০৭:০১:অপরাহ্ন  |  ৪৬১৪৯৮ বার পঠিত
‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে দাবি ট্রাম্পের, অর্থনীতি নিয়ে ক্ষোভে ভোটাররা
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার কংগ্রেসে দেওয়া তাঁর স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে দাবি করেছেন, তাঁর নেতৃত্বে আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়েছে। তবে নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে তাঁর জনপ্রিয়তা কমে যাওয়া এবং অর্থনীতি নিয়ে ভোটারদের ক্রমবর্ধমান অসন্তোষের মধ্যেই তিনি এই সাফল্যের চিত্র তুলে ধরেন।

কংগ্রেসে রিপাবলিকান আইনপ্রণেতাদের উচ্ছ্বাসধ্বনির মধ্যে ভাষণ শুরু করে ট্রাম্প বলেন, আমাদের জাতি ফিরে এসেছে,আগের চেয়ে বড়, উন্নত, সমৃদ্ধ ও শক্তিশালী। তবে ডেমোক্র্যাট শিবিরের বহু আসন ফাঁকা ছিল; অনেকেই ভাষণ বর্জন করে বাইরে প্রতিবাদ সমাবেশে যোগ দেন।

রিপাবলিকানদের কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারানোর আশঙ্কার প্রেক্ষাপটে ট্রাম্প ভাষণের প্রথম ঘণ্টা অর্থনীতির ওপরই ব্যয় করেন। তিনি দাবি করেন, তাঁর প্রশাসন মূল্যস্ফীতি কমিয়েছে, শেয়ারবাজারকে রেকর্ড উচ্চতায় নিয়েছে, ব্যাপক করছাড় কার্যকর করেছে এবং ওষুধের দাম কমিয়েছে। উচ্চ মূল্যস্ফীতির জন্য তিনি তাঁর ডেমোক্র্যাট পূর্বসূরি জো বাইডেন-কে দায়ী করেন।

তবে সাম্প্রতিক জরিপে দেখা গেছে, জীবনযাত্রার ব্যয় কমাতে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার দায় অনেক ভোটার ট্রাম্পের ওপরই চাপাচ্ছেন। রয়টার্স/ইপসোস জরিপ অনুযায়ী, অর্থনীতি সামলানোর ক্ষেত্রে তাঁর প্রতি সমর্থন মাত্র ৩৬ শতাংশ। গত প্রান্তিকে প্রত্যাশার চেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে এবং মূল্যস্ফীতি বেড়েছে বলেও নতুন তথ্য উঠে এসেছে।

ভাষণের সময় ট্রাম্প তুলনামূলকভাবে সংযত ছিলেন এবং প্রস্তুত বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করেন। তবে অভিবাসন নীতি নিয়ে কথা বলতে গিয়ে তাঁর চিরাচরিত আক্রমণাত্মক ভঙ্গি ফিরে আসে। তিনি অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা অভিবাসন দপ্তরের তহবিল আটকে দিচ্ছে। এ সময় মিনিয়াপোলিসের কংগ্রেস সদস্য Ilhan Omar তাঁকে উদ্দেশ করে চিৎকার করে বলেন, আপনি আমেরিকানদের হত্যা করেছেন! সম্প্রতি মিনিয়াপোলিসে দুই মার্কিন নাগরিক ফেডারেল এজেন্টদের গুলিতে নিহত হওয়ার ঘটনায় জনমনে ক্ষোভ বাড়ছে।

ভাষণে ট্রাম্প আবারও দাবি করেন, তিনি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন,যা সমালোচকদের মতে অতিরঞ্জিত। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের চতুর্থ বর্ষপূর্তির দিন হলেও বিষয়টি তিনি প্রায় উল্লেখই করেননি। চীন বা গ্রিনল্যান্ড নিয়েও বিস্তারিত বলেননি। ইরান প্রসঙ্গে সামরিক সংঘাতের সম্ভাবনা বাড়লেও সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেননি। তিনি বলেন, আমি কূটনৈতিক সমাধান চাই। তবে সন্ত্রাসে পৃষ্ঠপোষকতায় শীর্ষ দেশটিকে কখনোই পারমাণবিক অস্ত্র পেতে দেব না।

শুক্রবার শুল্কনীতি বাতিলের রায়ে অসন্তোষ প্রকাশ করলেও মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে করমর্দন করেন ট্রাম্প। তিনি রায়টিকে দুর্ভাগ্যজনক বললেও দাবি করেন, এতে তাঁর বাণিজ্যনীতির ওপর বড় প্রভাব পড়বে না।

ভাষণের এক পর্যায়ে তিনি শীতকালীন অলিম্পিকে স্বর্ণজয়ী যুক্তরাষ্ট্রের পুরুষ আইস হকি দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং গোলরক্ষক কনর হেলেবাইককে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম দেওয়ার ঘোষণা দেন। প্রায় এক ঘণ্টা ৪৭ মিনিট দীর্ঘ এই ভাষণ কংগ্রেসে দেওয়া প্রেসিডেন্টদের মধ্যে দীর্ঘতম ভাষণের রেকর্ড গড়েছে।

ডেমোক্র্যাটদের পক্ষ থেকে ভার্জিনিয়ার গভর্নর অ্যাবিগেইল স্প্যানবার্গার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেন, প্রেসিডেন্ট কি আপনার ও আপনার পরিবারের জীবনযাত্রার ব্যয় কমাতে কাজ করছেন? আমরা সবাই উত্তর জানি—না।

আগামী নভেম্বরে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি এবং সিনেটের প্রায় এক-তৃতীয়াংশ আসনে ভোট হবে। এই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ বদলে যেতে পারে,এমন প্রত্যাশায় ডেমোক্র্যাটরা ট্রাম্পের অর্থনৈতিক রেকর্ডকে প্রধান ইস্যু করতে চাইছেন। রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪