আশিস গুপ্ত, নতুন দিল্লি : মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে তাঁর অতীত সম্পর্কের জন্য গেটস ফাউন্ডেশনের কর্মীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।
'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'-এর এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, মঙ্গলবার প্রতিষ্ঠানের একটি অভ্যন্তরীণ সভায় (টাউন হল মিটিং) গেটস স্বীকার করেছেন যে এপস্টাইনের সঙ্গে মেলামেশা করা তাঁর জীবনের একটি ‘বিরাট ভুল’ ছিল। তবে তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন যে, তিনি কোনো অবৈধ বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না।
সম্প্রতি মার্কিন বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত ‘এপস্টাইন ফাইলস’ থেকে বিল গেটসসহ বিশ্বের একাধিক প্রভাবশালীর নাম সামনে আসার পর তিনি কর্মীদের মুখোমুখি হয়ে এই সাফাই দিলেন।
প্রতিবেদন অনুযায়ী, গেটস সভায় স্বীকার করেছেন যে অতীতে দুজন রুশ মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, যা পরবর্তীতে এপস্টাইন জেনে ফেলেছিলেন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, ওই মহিলারা এপস্টাইনের অপরাধের শিকার হওয়া কোনো নারী ছিলেন না। গেটস বলেন, “আমি কোনো বেআইনি কাজ করিনি, এমনকি নিজের চোখে কাউকে কোনো বেআইনি কাজ করতেও দেখিনি।
সম্প্রতি প্রকাশিত কিছু ছবিতে গেটসকে অজ্ঞাতপরিচয় কিছু মহিলার সঙ্গে দেখা গেছে; এই বিষয়ে তাঁর ব্যাখ্যা হলো এপস্টাইনের সঙ্গে বৈঠকের পর তাঁরই অনুরোধে তাঁর সহকারীদের সঙ্গে ওই ছবিগুলো তুলেছিলেন গেটস। তিনি জোর দিয়ে বলেন যে, এপস্টাইনের বলয়ে থাকা নির্যাতিতাদের সঙ্গে তিনি কখনো কোনো সময় কাটাননি। বিল গেটস আরও স্বীকার করেন যে, এপস্টাইনের অতীত অপরাধের কথা জানা সত্ত্বেও তাঁর সঙ্গে মেলামেশা করা এবং গেটস ফাউন্ডেশনের নির্বাহীদের সেইসব বৈঠকে অন্তর্ভুক্ত করা তাঁর এক গুরুতর ভুল ছিল।
২০১১ সালে যখন তিনি প্রথম এপস্টাইনের সঙ্গে দেখা করেন, তখন ইতোমধ্যই এপস্টাইন নাবালিকাকে যৌনপেশায় প্ররোচনা দেওয়ার দায়ে অভিযুক্ত হয়েছিলেন। গেটস জানান, তিনি এপস্টাইনের অতীত ‘সঠিকভাবে যাচাই’ করেননি এবং এমনকি ২০১৩ সালে তাঁর তৎকালীন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস উদ্বেগ প্রকাশ করার পরেও তিনি এপস্টাইনের সঙ্গে বৈঠক চালিয়ে গিয়েছিলেন।
গেটস ফাউন্ডেশনের একজন মুখপাত্র জানিয়েছেন, বিল গেটস অত্যন্ত খোলামনে এই বিষয়ে কথা বলেছেন এবং নিজের কাজের দায়ভার গ্রহণ করেছেন। মানবহিতৈষী এই ব্যক্তিত্বের মতে, তিনি ভেবেছিলেন এপস্টাইনের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কাজে অর্থায়ন সহজ হবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি।
গেটসের কথায়, আমি সেই সমস্ত মানুষের কাছে ক্ষমা চাইছি যারা আমার ভুলের কারণে এই বিতর্কে জড়িয়ে পড়েছেন। এই ঘটনাটি ফাউন্ডেশনের আদর্শ ও লক্ষ্যের সম্পূর্ণ পরিপন্থী। এর আগে ২০২৫ সালেও তিনি এপস্টাইনের সঙ্গে সময় কাটানোকে ‘বোকামি’ বলে অভিহিত করেছিলেন এবং জানিয়েছিলেন যে মেলিন্ডা শুরু থেকেই এপস্টাইনকে নিয়ে সন্দিহান ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি