ইন্টারন্যাশনাল ডেস্ক: বহুল আলোচিত এপস্টেইন কেলেঙ্কারি ঘিরে নতুন করে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াল। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কংগ্রেসের এক কমিটির সামনে সাক্ষ্য দিয়ে জানিয়েছেন, অর্থদাতা জেফরি এপস্টেইন এর অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। একই সঙ্গে তিনি আহ্বান জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–কে শপথের অধীনে জিজ্ঞাসাবাদ করা হোক।
এপস্টেইনকাণ্ড তদন্তে গঠিত হাউজ ওভারসাইট কমিটি–র সামনে কয়েক ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে সাক্ষ্য দেন হিলারি। শুনানি শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমি চাই সত্য প্রকাশিত হোক।” তবে তার সাক্ষ্য জনসমক্ষে প্রকাশ না করায় হতাশাও জানান তিনি ফলে তাকে বাইরে এসে ব্যাখ্যা দিতে হচ্ছে বলে মন্তব্য করেন।
আগামী শুক্রবার একই কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন–এর। শুরুতে ক্লিনটন দম্পতি সমনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে তা প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু কংগ্রেস অবমাননার প্রক্রিয়া শুরুর সম্ভাবনা তৈরি হলে তারা সাক্ষ্য দিতে সম্মত হন।
হিলারি ক্লিনটন বলেন, কমিটির চেয়ারম্যান জেমস কোমার তদন্তের প্রকৃতি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন এবং তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন যা তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। একইসঙ্গে অভিযোগ করেন, কমিটির রিপাবলিকান সদস্যরা যাদের জিজ্ঞাসাবাদ করেছেন, তাদের কাউকেই এপস্টেইন বা তার দণ্ডিত সহযোগী প্রসঙ্গে প্রশ্ন করা হয়নি।
হিলারি ও বিল ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্প তিনজনই এপস্টেইন–সংক্রান্ত কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। বিল ক্লিনটন পূর্বেই বলেছেন, প্রায় দুই দশক আগে এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং তার অপরাধ সম্পর্কে কিছুই জানতেন না। প্রেসিডেন্ট পদ ছাড়ার পর দাতব্য কার্যক্রমের সূত্রে তাদের যোগাযোগ হয়েছিল বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০১৯ সালে নিউইয়র্ক সিটির একটি কারাগারে মৃত্যুবরণ করেন জেফরি এপস্টেইন। শুনানির আগে নিউইয়র্কের চ্যাপাকুয়ায় নিজ বাসভবনের কাছ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত লিখিত বক্তব্যে হিলারি ক্লিনটন বলেন, “আমি কখনো এপস্টেইনের ব্যক্তিগত বিমান, দ্বীপ, বাড়ি বা কার্যালয়ে যাইনি। তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, এবং এ বিষয়ে আর কিছু যোগ করার নেই।”
সূত্র: এএফপি
রিপোর্টার্স২৪/ঝুম